অবৈধ নির্মাণের বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ আদালতের
দি নিউজ লায়নঃ বর্ধমান শহরের তেলিপুকুর এলাকায় অবৈধ নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বর্ধমান থানার আইসিকে নির্দেশ দিল বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত। বর্ধমান আদালতের আইনজীবী বিকাশ কুমার রায় অবৈধ নির্মাণের বিষয়ে আদালতে মামলা করেছেন। অভিযোগে বিকাশবাবু জানিয়েছেন, জমিটি তিনি ২৫ বছর আগে কিনেছিলেন। বছর খানেক আগে সেখানে অবৈধ নির্মাণের চেষ্টা হয়।
তাতে তিনি ও আশপাশের লোকজন বাধা দেন। এনিয়ে অশান্তি বাধে। পুলিসি হস্তক্ষেপে বিষয়টি তখনকার মতো থামে। কিছুদিন আগে ফের সেখানে অবৈধ নির্মাণের চেষ্টা হয়। এতে এলাকায় অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অবৈধ নির্মাণ যাতে কোনও ভাবে না হয় তা দেখার জন্য আদালতে আবেদন জানিয়েছেন তিনি।
তার ভিত্তিতে আইসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখার জন্য নির্দেশ দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে তা দেখার জন্য পুলিসকে বলা হয়েছে। এব্যাপারে ৭ সেপ্টেম্বর আদালতে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে আইসিকে। বর্ধমান থানার এক অফিসার বলেন, আদালতের নির্দেশ খতিয়ে দেখে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment