ঋণ করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ - The News Lion

ঋণ করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

 


দি নিউজ লায়নঃ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো। পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থানার উল্লাস এলাকার গৌরব চৌধুরি ব্যবসার প্রয়োজনে ঋণ পেতে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে অনলাইনে আবেদন করেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তাঁর কাছে একটি ফোন আসে। তাঁকে ভোটার কার্ড, প্যান কার্ড ও অন্যান্য নথিপত্র অফিসে জমা দিতে বলা হয়। তিনি সমস্ত নথিপত্র পাঠিয়ে দেন। এরপর তাঁর কাছে ফের ফোন আসে। তাঁর নথিপত্র ঠিকঠাক আছে বলে জানানো হয়। নথিপত্রের ভিত্তিতে তিনি ১৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন বলে জানানো হয়। সেই টাকা পাওয়ার জন্য ফের তিনি অনলাইনে আবেদন করেন।


 এরপর সংস্থার এক ব্যক্তি তাঁকে ফোন করে লোনের প্রসেসিং ফি বাবদ তাঁর কাছ থেকে ৫৬০০ টাকা চায়। তিনি অনলাইনে সেই টাকা পেমেন্ট করেন। এরপর কয়েক দফায় নানা অজুহাতে তাঁর কাছ থেকে ৪ লক্ষ ৭৪ হাজার টাকা নেওয়া হয়। তারপর বেশ কিছুদিন কেটে গেলেও তাঁর ঋণ মঞ্জুর হয়নি। ঋণ মিলবে না বুঝতে পেরে তিনি টাকা ফেরত চান। সংস্থা থেকে টাকা ফেরত দেওয়া হবে না বলে তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়। 


এরপরই তিনি যে অ্যাকাউন্টে টাকা জমা করেছিলেন তার নম্বর ও সংস্থার নাম দিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে কেস রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানা।  ঘটনার পর বেশ কিছুদিন কেটে গিয়েছে। যদিও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। বর্ধমান থানার এক অফিসার বলেন, তদন্ত শুরু হয়েছে। ব্যাঙ্কিং লেনদেনের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.