তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ন্যান্সি
দি নিউজ লায়ন; বাগদান সারলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ন্যান্সি। সেই বিয়ে সেপ্টেম্বরে, আয়োজন করেই হবে বিয়ের অনুষ্ঠান। গেল জুলাইয়ে এ খবর নিশ্চিত করেছিলেন এই সংগীত তারকা। এবার ন্যান্সি অন্তর্জালে জানিয়ে দিলেন, তিনি বাগদান সেরেছেন। ২৩ আগস্ট রাতে ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করে এমনটি জানিয়েছেন তিনি।
সেই স্ট্যাটাসে জানা গেছে, ন্যান্সি বাগদান সেরেছেন মহসিন মেহেদীর সঙ্গে, যিনি বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি। চলতি বছরের এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান ন্যান্সি।
২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন নাজমুন মুনিরা ন্যান্সি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। তিনি পরবর্তীতে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেছেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত। ২০২১ সালের এপ্রিল মাসে এক ফেসবুক স্ট্যাটাসে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান ন্যান্সি। একই বছরের জুলাই মাসে আরেক ফেসবুক স্ট্যাটাসে তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসার ঘোষণা দেন ন্যান্সি।
ন্যান্সির সঙ্গীত জীবন শুরু হয় ২০০৬ সালে হৃদয়ের কথা চলচ্চিত্রের গান গেয়ে। ২০০৯ সালের তার প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা মুক্তি পায়। ২০১১ সালের প্রজাপতি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া মেরিল-প্রথম আলো পুরস্কার-এ ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা সাতবার তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) বিভাগে পুরস্কার অর্জন করেন।

Post a Comment