মালদাকে যানজট মুক্ত করতে নতুনভাবে পার্কিং জোন গড়ে তোলার উদ্যোগ
দি নিউজ লায়নঃ মালদা শহরকে যানজট মুক্ত করতে বিভিন্ন এলাকায় নতুনভাবে পার্কিং জোন গড়ে তোলার উদ্যোগ নিলো ইংরেজবাজার পুরসভার প্রশাসক কর্তৃপক্ষ। পাশাপাশি নো-পার্কিং জোন এলাকাগুলিতে যদি যানবাহন রাখা হয় , সে ব্যাপারেও আইনগত ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ বলে জানানো হয়েছে। শুক্রবার মালদা শহরের বিভিন্ন পার্কিং জোন এলাকাগুলি পরিদর্শন করেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলী কর্তৃপক্ষ।
শহরের কোন কোন এলাকায় পার্কিং জোন তৈরি করা হলে যানজট পরিস্থিতি এড়ানো সম্ভব সে ব্যাপারে জেলা প্রশাসনের সাথে প্রাথমিক আলোচনা করেছে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট পুরসভা সূত্রে জানা গিয়েছে, মালদা শহরের যেখানে সেখানে রাস্তার ধারে অবাঞ্ছিত মোটরবাইক থেকে বিভিন্ন ধরনের যানবাহন দাঁড়িয়ে থাকার ফলে যানজট সৃষ্টি হচ্ছে। এই প্রবণতা রুখতেই নির্দিষ্ট জায়গায় পার্কিংজোন তৈরির প্রাথমিক পরিকল্পনার উদ্যোগ নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ । একইসঙ্গে জেলা ট্র্যাফিক পুলিস, পুরসভা ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় রেখেই ইংরেজবাজার শহরকে যানজট মুক্ত করার এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, মালদা শহর অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকা। তার ওপর বিপুল সংখ্যক মোটরবাইক, চারচাকার গাড়ি এবং ই-রিক্সায় শহরের হাতেগোণা কয়েকটি রাস্তা দিয়ে চলাচল করার কারণেই যানজটে কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পুরসভার নির্দিষ্ট কয়েকটি পার্কিংজোন থাকলেও সেগুলি মূলতঃ প্রধান সড়কগুলিরই কিছুটা অংশ নিয়ে তৈরি করা হয়েছে। ফলে শহরের সেসব এলাকার রাস্তার সংকীর্ণ হয়ে গিয়েছে।

Post a Comment