হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া চিকিৎসাধীন রোগি ধরা পড়ল সাইকেল চুরি করতে গিয়ে
দি নিউজ লায়নঃ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া চিকিৎসাধীন রোগি ধরা পড়ল সাইকেল চুরি করতে গিয়ে। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরের ঘটনায় চাঞ্চল্য। হাসপাতাল সুত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে আচমকাই পুরুষ মেডিসিন ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে যায় ভজন সরকার নামে এক রোগি। মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পে তৎক্ষনাৎ জানানো হয় কর্তৃপক্ষের তরফে। পুলিশ খোঁজ শুরু করে।
ইতিমধ্যেই কোভিড ওয়ার্ডের সামনে এক ব্যাক্তিকে সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরে ফেলে মারধোর চলছে বলে পুলিশের কাছে খবর আসে। সেখানে গিয়ে হাতে জেলকো লাগানো অবস্থায় ভজন সরকারকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মীরা। তাকে উদ্ধার করে প্রথমে হাসপাতাল চত্ত্বরে খানিক্ষন আটকে রাখার পর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে তাকে আবারো ওয়ার্ডে পাঠানো হয়।
এদিকে হাসপাতাল চত্ত্বরে এর আগেও স্বাস্থ্যকর্মীদের সাইকেল চুরির অভিযোগ উঠেছে। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রোগি কিভাবে নজর এড়িয়ে পালিয়ে গেলো তা নিয়েও বড় প্রশ্ন উঠেছে। স্বাস্থ্যকর্মীদেরই একাংশ নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও মেডিকেল কলেজের সহকারি সুপার সৌমাশিষ রাউত জানান, বিষ খেয়ে চিকিৎসাধীন ওই রোগি শৌচাগারে যাবার নাম করে কোনোভাবে পালিয়ে গেছে। সেটা পুলিশকে জানানো হয়। পরে তাকে হাসপাতাল চত্ত্বরেই সাইকেল চুরি করতে গিয়ে পুলিশ ধরে ফেলে। বর্তমানে রায়গঞ্জের মিশন মোড় এলাকার বাসিন্দা অভিযুক্ত চিকিৎসাধীন রোগি ভজন সরকারকে মেল মেডিসিনে ওয়ার্ডেই চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Post a Comment