রিকি দ্বন্দ্বের জেরে বাইরে থেকে দাহ্য বস্তু ছুঁড়ে বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা - The News Lion

রিকি দ্বন্দ্বের জেরে বাইরে থেকে দাহ্য বস্তু ছুঁড়ে বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

 

দি নিউজ লায়নঃ শরিকি 'দ্বন্দ্বে'র জেরে রাস্তা থেকে দাহ্য বস্তু ছুঁড়ে বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হলো। আগুনে বড়সড় দুর্ঘটনা না ঘটলেও একটি পুরানো মোটর বাইকের কিছু অংশ পুড়ে যায়। রবিবার কাকভোরে ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরের নবীন সেনাপতি লেনে। প্রতিবেশীদের বাড়ির ছাদ থেকে জল ঢেলে আগুন নেভানো হয়। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায় রাস্তা থেকে এক ব্যক্তি হেলমেট পরা অবস্থায় বাড়ির ভিতরে আগুনের কিছু বস্তু ছুঁড়ে দিচ্ছেন। পুলিশ তদন্তে নেমে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। 



সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ওই ব্যক্তির খোঁজ করছে পুলিশ। যে বাড়িতে আগুন লাগানোর চেষ্টা হয় সেই পরিবারের সদস্য  সব্যসাচী মন্ডল বলেন, ঘরের ভিতর  ঘুমোচ্ছিলাম। ফোনে চার্জ ছিলনা। ফোন অফ ছিল। সকালে হঠাৎই বাবার ডাকে ঘুম ভেঙে যায়। উঠে দেখি আগুন জ্বলছে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। কে করেছে সেটা না জানলেও সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন লোক এসে বাইরে থেকে কোনও দাহ্য বস্তুতে আগুন লাগিয়ে বাড়ির ভিতরে ছুঁড়ে দিয়ে চলে যায়। সেখানে বাইক, পুরনো জিনিসপত্র পুড়ে যায়।


 এলাকার বাসিন্দারা তা দেখে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ভিতরে বোমার মতো কিছু একটা জিনিস পড়ে ছিল যেটা পুলিশ বাজেয়াপ্ত করেছে। সম্পত্তি নিয়ে পারিবারিক অশান্তির জেরে আমাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। প্রতিবেশী অরিজিৎ মুখার্জী জানান, সকালে ওই বাড়িতে আগুন দেখতে পান তাঁরা। বাড়ির মালিককে ফোন করে তাঁরাই বিষয়টি জানান। এরপর বাড়ির ছাদ থেকে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিভাবে আগুন লেগেছে তা তাঁরা জানেন না। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান কোনও দাহ্য বস্তু বাড়িতে কেউ ছুঁড়েছেন। এই কারণে সেই জায়গায় থাকা একটা পুরনো মোটর বাইকের টায়ার পুড়ে গেছে। বাইকের মাডগার্ড পুড়ে গেছে। সম্পত্তি নিয়ে এদের পারিবারিক অশান্তি চলছে অনেকদিন ধরেই। কোর্টে মামলাও চলছে তাঁদের মধ্যে। এদিন সকাল পাঁচটা নাগাদ নবীন সভাপতি লেনে ঘটনাটি ঘটেছে। তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। কোন দাহ্য বস্তু ছোঁড়া হয়েছিল তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.