ত্রিপুরার ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূলের বিক্ষোভ - The News Lion

ত্রিপুরার ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূলের বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ ত্রিপুরার ঘটনার প্রতিবাদে রাজ‍্যে পথে নামল তৃণমূল। কোথাও ত্রিপুরার মুখ‍্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ হল কোথাও আবার হল প্রতিবাদ মিছিল টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। তৃণমূল নেতাকর্মীদের হুঁশিয়ারি গুন্ডামি করে বাংলায় তৃণমূলকে দমানো যায়নি ত্রিপুরাতেও দমানো যাবে না। অস্তিত্ব সংকটে ভুগছে ভাজপা তাই ভয় পেয়ে হামলা চালিয়েছে। যত যাই করুক ২০২৩ - এ ত্রিপুরাতে খেলা হবে।


হাওড়া

ত্রিপুরায় অভিষেকের কনভয়ে হামলার প্রতিবাদে হাওড়াতে পথে নামল তৃণমূল। মঙ্গলবার গুলমোহর থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। সোমবার ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বিজেপির হামলার ঘটনার প্রতিবাদে তৃণমূলের তরফ থেকে এদিন সকালে প্রতিবাদ মিছিল হয় হাওড়ায়। দলের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান অরূপ রায়ের অনুপস্থিতিতে এদিন মিছিলের নেতৃত্ব দেন জেলা সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য। ওই মিছিলে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী, বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী সহ তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়, শ্যামল মিত্র, মৃণাল দাস, শেখ ইসলামউদ্দিন লালা, কৈলাশ মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন। মিছিল গুলমোহর থেকে শুরু হয়ে হাওড়া ব্রিজ হয়ে হাওড়া স্টেশন সংলগ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির পাদদেশের সামনে এসে শেষ হয়। 


বাঁকুড়া

ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে আজ বাঁকুড়ার রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হলেন তৃনমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা । আজ দুপুরে বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা থেকে লালবাজার যাওয়ার মূল সড়কের উপর কলেজ মোড় এলাকায় একটি প্রতিবাদ সভা আয়োজিত হয় । এই প্রতিবাদ সভায় শুধুমাত্র তৃনমূল ছাত্র পরিষদের নেতারাই নন হাজির ছিলেন তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা , দলের জেলা মুখপাত্র দিলীপ আগরওয়াল , বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় সহ তৃনমূলের বহু নেতা । প্রতিবাদ সভা শেষে তৃনমূল ছাত্র পরিষদ কর্মীরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন । 


পশ্চিম মেদিনীপুর

সোমবার ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে ধিক্কার মিছিল করে তীব্র প্রতিবাদ জানালো ব্লক তৃণমূল কংগ্রেস ও ব্লক তৃণমূল যুব কংগ্রেস । এইদিন গোটা চন্দ্রকোনা রোড এলাকায় মিছিল পরিক্রমা করে অবশেষে শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে পথ সভার মাধ্যমে শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচি।এই দিন উপস্থিত ছিলেন গড়বেতা তিন নম্বর  ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ,ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর মন্ডল,ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি  জ্ঞানাঞ্জন মন্ডল,সুশান্ত সিংহ,দেব কুমার দে সহ অন্যান্য তৃণমূল এর নেতাকর্মীরা।


নদীয়া

 ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল। এদিন নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের প্রায় 40 মিনিট ধরে চলে অবরোধ। উল্লেখ্য ত্রিপুরায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর হামলার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ এবং বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস। এর আগেও নদীয়ার একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। এদিন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হয় রাজ্যের শাসক দল। তাদের দাবি, ত্রিপুরার বিজেপি সরকার এবং প্রশাসন একত্রিত হয়ে এই হামলা চালিয়েছে। কারণ বিজেপির নির্দেশেই সেখানে প্রশাসন কাজ করে। তা না হলে প্রশ্ন উঠছে প্রশাসনের সামনে কিভাবে তাদের একজন দলীয় নেতা ওপর হামলা চালানো হয়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেখানকার প্রশাসন জাতের দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।


ঝাড়গ্রাম

সোমবার ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর বিজেপি আশ্রিত গুন্ডাদের হামলার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের লালগড়ের এসআই চকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ করে ধিক্কার মিছিল করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় ।ওই ধিক্কার মিছিলে নেতৃত্বদেন তৃণমূল কংগ্রেসের বিনপুর এক ব্লকের সভাপতি শ্যামল মাহাতো ও তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সদস্য ধনঞ্জয় রায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। ধিক্কার মিছিল এ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী ও সমর্থকরা সামিল হয়েছিলেন। ওই মিছিল লালগড় বাজার পরিক্রমা করে।ওই মিছিল থেকে বিজেপিকে ধিক্কার জানানো হয় ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ।সেই সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা  দাহ করে ধিক্কার জানান তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ।


কোচবিহার

ত্রিপুরায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণের ঘটনায় দফায় দফায় কোচবিহারে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূলের পক্ষে কোচবিহার দুই নম্বর ব্লক রাজারহাটে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। সেই সাথে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়কের ওপর বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। রাজারহাট অঞ্চল সভাপতি মতিলাল দত্ত বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ওপর আক্রমণের প্রতিবাদে গোটা বাংলা স্বরূপ হয়েছে। আমরাও তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পতাকা উড্ডীন হবে। একইসঙ্গে এদিন তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কোচবিহার দাস ব্রাদার্স চৌপথি তে বিক্ষোভ কর্মসূচি এবং কুশপুতুল দাহ করা হয় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। 


 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.