অলিম্পিক ফুটবল ফাইনালে ব্রাজিল-স্পেন - The News Lion

অলিম্পিক ফুটবল ফাইনালে ব্রাজিল-স্পেন

 


দি নিউজ লায়নঃ  অলিম্পিক ফুটবলে মঙ্গলবার কাশিমা সকার স্টেডিয়ামে মেক্সিকোকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে জিতেছে ব্রাজিল। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন। দ্বিতীয় সেমিতে অতিরিক্ত সময়ের গোলে তারা ১-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক জাপানকে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। আগামী শুক্রবার ইয়োকোহামা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্বর্ণপদকের জন্য লড়বে এই দুই দল।  


গতকাল মেক্সিকোর বিপক্ষে সেমির বাধা পেরুনোর জন্য যথেষ্টই ঘাম ঝরাতে হয়েছে ব্রাজিলকে। নির্ধারিত ৯০ মিনিটের সঙ্গে অতিরিক্ত আরও ৩০ মিনিটেও গোল করতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে পেনাল্টির লড়াইয়ে মেক্সিকোর চেয়ে বেশি মুন্সিয়ানা দেখিয়ে ফাইনালের ছাড়পত্র আদায় করে নিয়েছে দানি আলভেজের দল। টাইব্রেকারে প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন ব্রাজিল অধিনায়ক দানি আলভেজ। এগিয়ে যাওয়ার টনিকে উদ্দীপ্ত হয়ে ওঠেন ব্রাজিল গোলরক্ষক সান্তোস।  


মেক্সিকোর এদুয়ার্দো আগুইরোর শট রুখে দিয়ে দলের লিড ধরে রাখেন সান্তোস। ব্রাজিলের পক্ষে দ্বিতীয় শটটি নেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি। মেক্সিকোর ওপর চাপ বাড়ে। এই চাপ আরও বাড়িয়ে দেন ইয়োহান ভাস্কুয়েজ। তার শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে। দুই গোলের লিড নেওয়া ব্রাজিলের জন্য কাজটা আরও সহজ করে দেন ব্রুনো গুইরেজ। গোল করেন তৃতীয় শট থেকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লিড ৩-০ ব্যবধানে। 


মেক্সিকোর হয়ে তৃতীয় শট থেকে গোল করেন কার্লোস রদ্রিগেজ। তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি। কেননা চতুর্থ শট থেকে গোল করে নিশ্চিত করেন ব্রাজিলের ফাইনাল।  ম্যাচে দুদলই একাধিক সুযোগ নষ্ট করেছে। খেলার ২৮ মিনিটের সময় মেক্সিকোর বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তবে ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয়। ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট বাকি থাকতে গোল করার খুব কাছাকাছি চলে এসেছিলেন চলতি আসরে পাঁচ গোল করা রিচার্লিসন। এ সময় দানি আলভেজের ক্রস থেকে চমৎকার হেডও করেন রিচার্লিসন। তার হেড প্রতিহত হয় পোস্টে লেগে। বাকি সময় গোল পায়নি দুদল। অতিরিক্ত সময়ের খেলাতেও গোলের নাগাল পায়নি দুদল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.