পরীমনি আটক
দি নিউজ লায়নঃ `সুনির্দিষ্ট তথ্যের’ ভিত্তিতে অভিযান চালিয়ে বনানীর বাড়ি থেকে চিত্রনায়িকা পরীমনিকে আটক করেছে র্যাব। বুধবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে সাহায্য চান চিত্রনায়িকা পরীমনি। কে বা কারা তার বাড়িতে ঢুকতে চাইছেন বলে জানান তিনি। অভিযানের বিষয়ে র্যাব জানায়, সুনির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতেই পরীমনির বাড়িতে অভিযান চালানো হচ্ছে।
পরীমনি তার ফেসবুকে লাইভে বনানী থানার সাহায্য চেয়ে বলছিলেন, আমি বানানী থানা এবং আমাদের সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চাচ্ছি। আমাদের বাড়ির নিচে এসে কে বা কারা গেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কোন থানা থেকে এসেছেন বা কোনো প্রশাসনের লোক কি-না, তারা কেউ তা বলছেই না। বরং বাজে ব্যবহার করছে। আমার মনে হচ্ছে এরা ডাকাত। কারো কোনো পোশাক নেই। একেক জনের একেক রকম চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে সাহায্য করেন।
উল্লেখ্য, বিকাল ৪টার দিকে পরীমনির বাড়ির কাছাকাছি আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়ি দেখা গেছে। র্যাবের কয়েকজন সদস্য তার বাড়ির গেটের সামনে দাড়িয়েছিলেন। র্যাবের শীর্ষপর্যায়ের কয়েকজন কর্মকর্তা পরীমনির বনানীর বাড়িতে প্রবেশ করেন। তবে উপস্থিত সাংবাদিকদের তারা সেই সময় কিছু জানাননি। পরে তার বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করছে বলে র্যাবের একজন সদস্য উপস্থিত সাংবাদিকদের নিশ্চিত করেন।

Post a Comment