মোদির প্রশংসায় পঞ্চমুখ তমলুকের সাংসদ
দি নিউজ লায়নঃ আফগানিস্তান ইস্যুতে মোদি সরকারের ভূমিকা নিয়েই প্রশংসায় পঞ্চমুখ তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। এই নিয়ে তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে ৷ যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। কারণ, দিব্যেন্দু তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা সাংসদ ।আর তৃণমূল কংগ্রেস এখন মোদির দল ভারতীয় জনতা পার্টির মূল প্রতিপক্ষ ৷ মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করতে কোমর বেঁধে লড়াইয়ে নেমেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও রাজনৈতিক মহলের মতে, দিব্যেন্দুর এই চিঠি তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানকে অনেকটাই স্পষ্ট করে দিয়েছে ৷ কারণ, তাঁর চিঠির শব্দচয়ন এমনভাবে হয়েছে, যা সাধারণত বিজেপি নেতাদের চিঠিতে দেখা যায় ৷শুরুতেই তিনি আফগানিস্তানের কঠিন পরিস্থিতির মধ্যে সেখানকার ভারতীয় ও ভারতীয় দূতাবাসের কর্মীদের উদ্ধার করতে মোদির সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন ৷ তার পর লিখেছেন মোদির নেতৃত্বে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই পরিস্থিতিতে সেখানকার ভারতীয়, আফগান শিখ ও হিন্দুদের সঙ্গে কীভাবে যোগাযোগ রেখে চলেছেন তা নিয়ে ৷ আর আফগান নাগরিকদের ভিসা দেওয়ার ব্যবস্থা নিয়েও প্রশংসা করেছেন দিব্যেন্দু ৷ আর এরপর থেকেই রাজ নৈতিক মহলে জোর জল্পনা শুরু।

Post a Comment