রাজনৈতিক হিংসার বলিতে দ্বিতীয়স্থানে পশ্চিমবঙ্গ - The News Lion

রাজনৈতিক হিংসার বলিতে দ্বিতীয়স্থানে পশ্চিমবঙ্গ

 


দি নিউজ লায়ন; ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে দেশে রাজনৈতিক প্রতিহিংসায় প্রাণ হারিয়েছেন ২৩০ জন। এর মধ্যে শুধু আমাদের রাজ্যেই মারা গেছেন ২৭ জন, যা সারা দেশের মধ্যে দ্বিতীয়। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যে এমন চিত্রই উঠে এসেছে।   বাংলার মাটিতে শাসক দল তৃণমূলের আক্রমণে একের পর এক বিজেপি কর্মী সমর্থকরা খুন হচ্ছেন বলে গেরুয়া শিবিরের যে অভিযোগ, সেই অভিযোগের ক্ষেত্রে এবার নতুন মাত্রা নিলো কেন্দ্রের দেওয়া এই তথ্য। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের উপর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অত্যাচার ও আক্রমণ চালাচ্ছে বলে বরাবরের অভিযোগ ছিলো বিজেপির। 


সেই অভিযোগের মাত্রা বাড়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই। বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল ব্যাপক জয় পাওয়ার পরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বিজেপির কর্মী সমর্থকদের উপরে আক্রমণ শুরু হয় বলে অভিযোগ। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় রাজ্যে একাধিক বিজেপি কর্মীর মৃত্যু ঘটে বলে অভিযোগ তোলে বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সারা দেশে রাজনৈতিক হিংসায় কতজন মারা গিয়েছেন তার পরিসংখ্যান সামনে আনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দ রাই।  


প্রতিহিংসায় মৃত্যুর দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে ঝাড়খন্ড রাজ্য। নিত্যনন্দ রাই জানান, ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে দেশে ২৩০ জন রাজনৈতিক সন্ত্রাসে মারা গিয়েছেন। যার মধ্যে শীর্ষে রয়েছে ঝাড়খন্ড রাজ্য। সেখানে রাজনৈতিক হিংসায় মারা গিয়েছেন ৪৯ জন। তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য। সেখানে মারা গিয়েছেন ২৭ জন। এরপর তৃতীয় স্থানে রয়েছে বিহার রাজ্য। বিহারে মারা গিয়েছেন ২৬ জন।   অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রকে তথ্য পাঠায় না। সঠিক সময়ে সঠিক তথ্য পাঠালে রাজ্যে এই পরিসংখ্যান আরও বাড়তো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.