জুনপুটে রাস্তার ধার থেকে উদ্ধার জোড়া দেহ ও দোমরানো বাইক
দি নিউজ লায়নঃ পূর্ব মেদিনীপুরের জুনপুটে রাস্তার ধার থেকে উদ্ধার জোড়া দেহ। পাশে পড়ে দোমরানো বাইক। প্রাথমিক তদন্তে দুর্ঘটনা বলে মনে হলেও সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। নিহতরা হলেন, জুনপুট উপকুল থানার বাড়চুনফলি গ্রামের বাপী মান্না ( ৩০) ও নদীয়া জেলার বিভাস বাউলী (৩০)। ঘটনাটি ঘটেছে কাঁথি জুনপুট রাস্তায় পাবলিক স্কুল সংলগ্ন এলাকায়। নিহত ২ জন সেখানে রঙের কাজ করতে এসেছিল বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে তা ভেবে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে জুনপুট উপকূল থানার পুলিশ।
এক স্থানীয় বাসিন্দা বলেন" সকালে রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। পাশেই পড়ে রয়েছে বাইক। এরপর তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান "। জুনপুট উপকূল থানার ওসি প্রলয় চন্দ্র বলেন " প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুর্ঘটনার কারণে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। কাঁথি হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। "

Post a Comment