বিশ্বভারতীতে বিজেপি নেতাদের আনাগোনা নিয়ে বাড়ছে বিতর্ক
দি নিউজ লায়নঃ শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক কার্যকলাপ নিয়ে ফের বিতর্কে বিশ্বভারতীতে। বুধবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার সহ অন্যান্য ভাজপা নেতাদের নিয়ে রীতিমতো বৈঠক করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সাম্প্রতিককালে বিশ্বভারতীর রাজনৈতিক প্রবেশাধিকার নতুন নয় বিদ্যুতের আমলে। উপাচার্যের পদে যোগ দেওয়ার পর থেকে আরএসএস ও বিজেপি নেতাদের আকছার যাতায়াত রয়েছে বিশ্বভারতীর মত ঐতিহ্যপূর্ণ শিক্ষা প্রাঙ্গণে।
যা নিয়ে অতীত দিনেও সরব হয়েছেন বিশ্বভারতীর বর্তমান, প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ শান্তিনিকেতনে আশ্রমিকরা। বুধবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের পাশাপাশি বিশ্বভারতীর কেন্দ্রীয় লাইব্রেরীর সভাকক্ষে উপস্থিত ছিলেন বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা সহ অন্যান্য বিজেপি নেতা বর্গ। বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য হওয়ার পর থেকে শিক্ষা বিষয়ক কর্মশালা বা আলোচনা না হলেও একের পর এক বিজেপি নেতাদের আনাগোনা ধীরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শান্তিনিকেতন সফর ঘিরে বিতর্কের সৃষ্টি হয় শান্তিনিকেতনে।
রবি ঠাকুরের ঐতিহ্যবাহী বিশ্বভারতীতে রাজনৈতিক প্রবেশ ভালো ভাবে দেখছেন না প্রবীন আশ্রমিকরা। ঠাকুরবাড়ির সদস্য তথা বিশ্বভারতীর পাঠভবনের প্রাক্তন অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুর বলেন বিশ্বভারতীর মত শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রবেশ অনভিপ্রেত। দিনদিন রাজনৈতিক আখড়ায় পরিণত হচ্ছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তবে খুব শীঘ্রই এই রাজনীতির চর্চার পরিসমাপ্তি ঘটবে বলে আশা রাখি। বর্তমানে বিশ্বভারতী ঘিরে রাজনৈতিক চর্চা চলছে তা মোটেই কাম্য নয়। সামগ্রিক বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post a Comment