অনন্তনাগে অজ্ঞাত বন্দুকধারীরা বিজেপি নেতা ও তাঁর স্ত্রীকে গুলি করে হত্যা
দি নিউজ লায়নঃ জম্মু-কাশ্মীরের অনন্তনাগে অজ্ঞাত বন্দুকধারীরা বিজেপির এক নেতা ও তাঁর স্ত্রীকে গুলি করে হত্যা করেছে। গতকাল সোমবার বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে তারা নিহত হন। স্থানীয় এক কর্মকর্তা জানান, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কুলগাম জেলার কিষাণ মোর্চার সভাপতি গোলাম রসুল দার ও তাঁর স্ত্রীকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে গুলি চালিয়ে হত্যা করেছে বন্দুকধারীরা।
তিনি বলেন, দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। কুলগামের রেদওয়ানির বাসিন্দা গোলাম রসুল দার গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি গত বছর জেলা বিকাশ পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, যদিও সে সময় তিনি পরাজিত হন। গোলাম রসুল দার অনন্তনাগে একটি ভাড়া বাড়িতে থাকতেন। সেখানেই প্রাণঘাতী হামলার মুখে পড়েন তিনি ও তাঁর সহধর্মিণী।
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা নির্মম সেই হামলার নিন্দা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, ‘আমি কুলগামের সরপঞ্চ গোলাম রসুল দার এবং তাঁর স্ত্রী জওহর বানুর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এটি কাপুরুষতার একটি কাজ এবং সহিংসতায় যুক্ত অপরাধীদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে। এই দুঃখের সময়ে শোকাহত পরিবারের প্রতি আমরা গভীরভাবে সমবেদনা জানাচ্ছি।’ এ দিকে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। বিষয়টি নিয়ে শোকপ্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের উদ্দেশেও সমবেদনা প্রকাশ করেছেন তিনি।
Post a Comment