জাতীয় সড়ক সংস্কারের দাবিতে অবরোধ এবং বিক্ষোভ - The News Lion

জাতীয় সড়ক সংস্কারের দাবিতে অবরোধ এবং বিক্ষোভ

 


দি নিউজ লায়ন; দীর্ঘদিন ধরে বেহাল চাচোল মহকুমার ৮১ নম্বর জাতীয় সড়ক। আর এই জাতীয় সড়ক সংস্কারের দাবিতে অবরোধ এবং বিক্ষোভ দেখালেন চাচোল থানার রানীকামাত বাসিন্দারা। রীতিমতো জল কাদায় ভর্তি জাতীয় সড়কে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সোমবার সকাল থেকেই ওই এলাকার ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়ে থাকায় ব্যাপক যানজট বেঁধে যায়। 


অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাচোল থানার পুলিশ এবং প্রশাসনের কর্তারা। এদিন সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলে। বিক্ষোভকারী বাসিন্দারা জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হন। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। 


বিক্ষোভকারী চাচোলের রানীকামাত এলাকার বাসিন্দাদের অভিযোগ,  নামেই ৮১ নম্বর জাতীয় সড়ক। এই এলাকার প্রায় কয়েক কিলোমিটার রাস্তা পিচের কোন অংশ নেই বললেই চলে। সামান্য বৃষ্টিতেই জলকাদায় ভরে থাকছে। দুর্ঘটনাও ঘটছে । এই এলাকার জাতীয় সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষকে। বহুবার জাতীয় সড়ক সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু কোন লাভ হয় নি। তাই ৮১ নম্বর জাতীয় সড়কে ধানের চারা গাছ লাগিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে ।


 পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়েছে ঠিকই। কিন্তু দ্রুত এই সড়ক সংস্কার না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলন শুরু হবে। এদিকে মালদার চাচোল মহকুমার দায়িত্বপ্রাপ্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিমিরবরণ সাহা জানিয়েছেন , ৮১ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ এবং সংস্কারের কাজ দীর্ঘদিন ধরেই চলছে। অধিকাংশ রাস্তার কাজ সম্পন্ন করে দেওয়া হয়েছে। তবে কিছু কিছু জায়গায় সমস্যার কথা শুনেছি। সেই সমস্যার দ্রুত সমাধান করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.