ঘাটালে অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করলো এনডিআরএফ - The News Lion

ঘাটালে অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করলো এনডিআরএফ

 


দি নিউজ লায়নঃ ঘাটালের মহকুমা শাসকের উদ্যোগে শুক্রবার গভীর রাতে এনডিআর এফের জওয়ানরা উদ্ধার করলেন এক আসন্ন সন্তান প্রসবা মহিলাকে।  শুক্রবার রাতে প্রসব যন্ত্রনা বাড়তে থাকে ঘাটালের মনসুখা গ্রামের বৈশাখী মাজির ।  ঘাটালের যে এলাকা গুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এবং এখনো ৭ ফুট জলে ডুবে রয়েছে এর মধ্যে অন্যতম হলো মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকা।শুক্রবার রাতে তাঁর স্বামী উৎপল মাজি মহকুমা শাসকের দপ্তরে ফোন করে বিষয়টি জানিয়ে সাহায্যের আবেদন জানান।  


কিছুক্ষণ পর মহকুমা শাসক সুমন বিশ্বাস নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করে তাঁর গ্রামে পৌঁছানোর জন্য সম্ভাব্য রুট জেনে নেন। সেইমতো এনডি আর এফের টিম স্পিড বোট নিয়ে গভীর রাতে উদ্ধারের জন্য বেরিয়ে যায়। ৯ মাসের অন্তঃস্বত্ত্বা ওই মহিলাকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তিনি ও তাঁর পরিবারের লোকেরা মহকুমা শাসক ও এনডিআরএফ কে এজন্য ধন্যবাদ জানিয়েছেন ।  মঙ্গলবার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন মুখ্যমন্ত্রী। এজন্য প্রশাসনিক প্রস্তুতি চলছে। উঁচু এলাকা দেখে হেলিপ্যাড বানানোর কাজ চলছে।  ঘাটালের মনসুকা , গঙ্গাপ্রসাদ , বলরামপুর, শ্রীরামপুর , অজবনগর এলাকা এখনো জলে ডুবে রয়েছে।


 একতলা বাড়ি জলে ডুবে আছে। বহু মাটির বাড়ি পড়ে যাওয়ায় ত্রাণ শিবিরে রয়েছেন বহু মানুষ।  জল কমতে শুরু করলেও শনিবার অমাবস্যার কোটাল থাকায় জল বাড়ার সম্ভাবনা আছে।  ঘাটাল পুরসভার ১, ২, ৪, ৯, ১০ ,১১, ১২ নম্বর ওয়ার্ডে এখনো জল রয়েছে। স্বাস্থ্য কর্মীরা নৌকায় চড়ে এলাকায় গিয়ে জ্বর , পেটব্যথা , মাথাধরার ওষুধ দিচ্ছেন । জলবাহিত রোগ হচ্ছে কিনা খোঁজ খবর নিচ্ছেন। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের ত্রান, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তেমনি তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ প্রস্তুত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.