দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ফের পাহাড়ে চালু হল টয় ট্রেন - The News Lion

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ফের পাহাড়ে চালু হল টয় ট্রেন

 


দি নিউজ লায়নঃ   পাহাড়ের পর্যটকদের জন্য সুখবর। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ফের চালু হল টয় ট্রেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, পাহাড়ে পর্যটকের সংখ্যা বাড়ছে। তাই সব দিক বিচার বিবেচনা করে পাহাড়ে টয় ট্রেন পরিষেবা চালু করা হল। আপাতত দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত প্রতিদিন মোট ছয়টি টয় ট্রেন চলবে। যার মধ্যে তিনটি হলো স্টিম ইঞ্জিন চালিত এবং বাকি তিনটি ডিজেল চালিত। পরবর্তীকালে পর্যটকের সংখ্যা আরো বাড়লে অন‍্য রুটেও টয় ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে এবং টয়ট্রেনের সংখ্যা বাড়ানো হতে পারে। 


প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে পাহাড়ে পর্যটকের সংখ্যা ক্রমশ কমতে থাকায় ১ মে থেকে পাহাড়ে টয় ট্রেন বন্ধ করে দেয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। রাজ‍্যে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। পাহাড়ে পর্যটকের সংখ্যা ক্রমবর্ধমান। সামনেই উৎসবের মরসুমে রয়েছে তাই সব দিক বিচার করে ফের টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন এক রেল কর্তা। এদিকে পাহাড়ের অন্যতম প্রধান আকর্ষণ টয় ট্রেন চালু হওয়ার সিদ্ধান্তে খুশি পাহাড়ের পর্যটক থেকে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অনেকেই মনে করছেন, এর ফলে পাহাড়ে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। পর্যটকদের বক্তব‍্য, পাহাড় ভ্রমণে টয় ট্রেন না চাপলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায় সেই আক্ষেপ এবার মিটবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.