দেড় কোটি আয়ের অভিযোগে বদলি অমিতাভের দেহরক্ষী পুলিশ
দি নিউজ লায়নঃ দেড় কোটি আয়ের অভিযোগে বদলি অমিতাভের দেহরক্ষী পুলিশ। মুম্বাই পুলিশের হেড কনস্টেবল জিতেন্দ্র শিন্ধে, যিনি ২০১৫ সাল থেকে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের দেহরক্ষী হিসেবে নিয়োজিত, তাঁকে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ মুম্বাইয়ের ডি বি মার্গ পুলিশ স্টেশনে বদলি করা হয়েছে। জিতেন্দ্র শিন্ধের বিরুদ্ধে অভিযোগ, তাঁর আয় বছরে দেড় কোটি টাকা।
সূত্রের খবর, জিতেন্দ্র শিন্ধের বছরে আয় দেড় কোটি টাকা, এমন অভিযোগ ওঠার পরে মুম্বাই সিটি পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে বৃহস্পতিবার তাঁকে দক্ষিণ মুম্বাইয়ের ডি বি মার্গ পুলিশ স্টেশনে বদলি করেছেন। এ নিয়ে বিভাগীয় তদন্ত চলছে। জিতেন্দ্র শিন্ধে ওই অঙ্কের অর্থ বিগ বচ্চনের কাছ থেকে নিয়েছেন, না কি অন্যত্র থেকে; তা খতিয়ে দেখছে পুলিশ। খবরে প্রকাশ, পুলিশ কর্তৃপক্ষকে জিতেন্দ্র শিন্ধে জানিয়েছেন, তিনি একটি সিকিউরিটি এজেন্সি পরিচালনা করেন এবং ওই এজেন্সি বিখ্যাত তারকাদের নিরাপত্তারক্ষী নিয়োগের কাজ করে।
তিনি আরও জানিয়েছেন, ওই সিকিউরিটি বিজনেস পরিচালনা করেন তাঁর স্ত্রী। শিন্ধে বলেন, অমিতাভ বচ্চন তাঁকে দেড় কোটি টাকা পারিশ্রমিক দেন না। মুম্বাই পুলিশ বলছে, একজন পুলিশ এক স্থানে পাঁচ বছর থাকতে পারেন না, কিন্তু শিন্ধে ২০১৫ সাল থেকে অমিতাভ বচ্চনের সঙ্গে রয়েছেন। তিনি অভিনেতাদের অন্যতম প্রিয় দেহরক্ষী।
সিনিয়র একজন এক্স ক্যাটাগরির সিকিউরিটি হোল্ডার। দু'ই কনস্টেবল সব সময় তাঁর সঙ্গেই থাকে। জিতেন্দ্র ছিলেন বচ্চনের অন্যতম প্রিয় দেহরক্ষী। সব জায়গায় তাঁকে অমিতাভের সঙ্গে দেখা গেছে। বর্তমানে জিতেন্দ্রকে দক্ষিণ মুম্বইয়ের একটি থানায় বদলি করা হয়েছে।

Post a Comment