ফের দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন থেকে খাঁচাবন্দি বিপুল পরিমাণ টিয়া উদ্ধার
দি নিউজ লায়ন; ফের দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন থেকে খাঁচাবন্দি বিপুল পরিমাণ টিয়া পাখি উদ্ধার করলো মালদা টাউন স্টেশনের জিআরপি। বৃহস্পতিবার রাতে ডাউন যোগবানি কলকাতা গামি এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত একটি কামরা থেকে খাঁচাবন্দি ২৫০টি টিয়া পাখি উদ্ধার করেছে জিআরপি। পুলিশি অভিযানের সময় পরিস্থিতি বেগতিক দেখে পাখি পাচারকারীরা ট্রেন থেকে নেমে পালিয়ে যায় বলে অভিযোগ।
উদ্ধার হওয়া ওই টিয়া পাখি গুলি বনদপ্তর এর হাতে তুলে দিয়েছে মালদা টাউন স্টেশন জিআরপি। মালদা টাউন স্টেশনের জিআরপি'র আইসি ভাস্কর প্রধান জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ কর্মীরা ডাউন যোগবানি এক্সপ্রেস তল্লাশি চালানোর সময় এস-৩ সংরক্ষিত কামরার বাথরুমের পাশ থেকে চারটি খাঁচায় বন্দি থাকা টিয়াপাখি উদ্ধার করে। প্রায় ২৫০ টি টিয়া পাখি উদ্ধার হয়েছে। এর আগেও জিআরপি পুলিশ যোগবানি ট্রেন থেকে ১৭৫ টি পাখি উদ্ধার করেছিল।
জিআরপি'র আইসি ভাস্কর প্রধান জানিয়েছেন, ওই পাখিগুলি যোগবানি থেকে নিয়ে পাচারকারীরা কলকাতার বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ পাচারের আগেই টিয়া পাখি গুলিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া টিয়া পাখি গুলি মালদা বনদপ্তর কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Post a Comment