বাড়িতে ঢুকে আগ্নেয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই - The News Lion

বাড়িতে ঢুকে আগ্নেয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

  


দি নিউজ লায়নঃ  সাত সকালেই বাড়িতে ঢুকে এক বৃদ্ধার মাথায় আগ্নেয় অস্ত্র ঠেকিয়ে গলা থেকে সোনার হার এবং হাত থেকে সোনার চুরি ছিনতাই করার অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। শনিবার সকালে সোনারপুর থানার সুভাষগ্রাম রমানাথ চক্রবর্তীর রোডের ঘটনা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তার পাশেই ৬৪ বছরের বৃদ্ধা নমিতা বসুর নিজের বাড়ি। তিনি বাড়ির সামনের উঠোনে ফুল তুলছিলেন। 


অভিযোগ, আচমকাই একটি ছেলে গেট খুলে বাড়ির উঠোনে আসে। বৃদ্ধাকে এক ব্যক্তির ঠিকানা জিজ্ঞাসা করে। তারপরেই তাঁর মাথায় আগ্নেয় অস্ত্র ঠেকিয়ে সোনার গয়না খুলে দিতে বলে। বৃদ্ধার গলার হার ছিনতাইবাজ জোর করে খুলে নেয়। এছাড়াও হাত থেকে ৩ টি সোনার চুরি খুলে নেয় ওই দুষ্কৃতি। বৃদ্ধা চিৎকার করে উঠলে তাঁর স্বামী বিজয় কুমার বসু ঘর থেকে বেরিয়ে আসেন। 


তখনই চম্পট দেয় সেই ছিনতাইবাজ। বাড়ির বাইরে রাস্তার ধারে বাইক স্টার্ট করে দাঁড়িয়েছিল অপর এক ছিনতাইবাজ। নমিতা বসু এবং তাঁর স্বামী বিজয় বসু চিৎকার করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে এলে দুই ছিনতাইবাজ বাইকে করে দ্রুত গতিতে চম্পট দেয়। এভাবে বাড়ির মধ্যে ঢুকে আগ্নেয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভয় পেয়েছেন বৃদ্ধ দম্পতি।  সোনারপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.