লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য ব্যাঙ্কে বিলম্ব, রাস্তা অবরোধ
দি নিউজ লায়ন ; মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীভাণ্ডারের জন্য ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে এসে দেরির কারণে হয়রানির অভিযোগে হাওড়ার কোনা বাগপাড়ায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনেই রাস্তা অবরোধ করলেন মহিলারা।
কোনা বাগপাড়া বেনারস রোড অবরোধ করেন স্থানীয় মহিলারা। অভিযোগ, অ্যাকাউন্ট করার জন্য কোনা শাখার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গত কয়েকদিন ধরেই তাঁরা লাইন দিচ্ছেন। অল্প কয়েকজন করে অ্যাকাউন্ট খুলতে পারলেও বেশিরভাগেরই এখনও সমস্যা মেটেনি। ভোররাতে লাইনে দাঁড়িয়েও গ্রাহকদের বিপাকে পড়তে হচ্ছে।
তাই এদিন নতুন অ্যাকাউন্ট খুলতে আসা মহিলারা অবরোধ করেন হাওড়ার কোনা বাগপাড়ার বেনারস রোড। অফিসটাইমে এই পথ অবরোধের কারণে অফিস যাত্রীদের সমস্যায় পড়তে হয়। ঘটনাস্থলে আসে দাশনগর থানার পুলিশ। আসে ট্রাফিক পুলিশ। অ্যাকাউন্ট যাতে দ্রুত খোলা যায় সেই বিষয়টি ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা বলে খতিয়ে দেখার আশ্বাস দিলে তবেই অবরোধ ওঠে।

Post a Comment