অস্ত্রসহ গ্রেপ্তার চিলি গ্যাংয়ের পাঁচ দুষ্কৃতি
দি নিউজ লায়নঃ চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে অভিনব কায়দায় ছিনতাই ও লুটপাট চালিয়ে আসছিল চিলি গ্যাং । কিন্তু পুলিশি অভিযানে ওই দলের জড়িত দুষ্কৃতিদের শেষ রক্ষা হলো না। চিলি গ্যাংয়ের পাঁচ দুষ্কৃতিকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুরাতন মালদা থানার পুলিশ। সোমবার গভীর রাতে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ডিসকোমোড় সংলগ্ন বাইপাস রোডে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই ধারালো অস্ত্রসহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নাইলনের দড়ি, দেড় কেজি শুকনো লঙ্কার গুঁড়ো , তিনটি ধারালো হাঁসুয়া, একটি লোহার রড। ধৃতেরা যে কোনো অপরাধমূলক কাজে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতো বলেই চিলি গ্যাং নাম রেখেছিল, এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এমনকি নিজেদের পরিচয় গোপন রাখার জন্যই ওই দুষ্কৃতীরা তাদের দলের নাম দিয়েছিল চিলি গ্যাং । কিন্তু ওই গ্যাংয়ের লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লুটপাট চালানোর পরিকল্পনা অবশেষে ভেস্তে দিয়েছে পুলিশ । মঙ্গলবার দুপুরে ধৃতদের মালদা আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুরাতন মালদা থানার পুলিশ । পাশাপাশি এই গ্যাংয়ের সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাঁচ দুষ্কৃতীর নাম ভোলা ঘোষ, রফিকুল ইসলাম , ফিরোজ শেখ, আব্দুল নসিব এবং বাহাদুর ঘোষ। এদের বাড়ি ইংরেজবাজার থানার মহদিপুর এবং কালিয়াচক থানার সুজাপুর এলাকায় । ধৃতদের বিরুদ্ধে এর আগেও ছিনতাই , লুটপাটের অভিযোগ রয়েছে বিভিন্ন থানা এলাকায়। ফাঁকা রাস্তায় মোটরবাইকে যাওয়া কোনো দম্পতি অথবা চার চাকার কোন গাড়িকে দেখলেই রাতের অন্ধকারে সাহায্য নেওয়ার অজুহাতেই তাদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে এবং হাত, পা বেঁধে লুটপাট চালাতো চিলি গ্যাংয়ের সদস্যরা, প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ডিসকোমোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোডে ওই পাঁচ দুষ্কৃতী জড়ো হয়েছিল । মূলত তারা লঙ্কার গুঁড়োকে হাতিয়ার করেই লুটপাট চালাতো । রাতের অন্ধকারে কোন চার চাকার গাড়ি অথবা মোটরবাইক দেখলেই সেটিকে সাহায্য নেওয়ার অজুহাত দেখিয়ে থামানোর চেষ্টা করতো । এরপর আচমকা লঙ্কার গুঁড়ো চালক ও যাত্রীদের চোখে ছিটিয়ে সমস্ত কিছু লুটপাট করতো। এদিন রাতে চারচাকা অথবা বাস ডাকাতির পরিকল্পনা করেছিল ধৃতেরা। কিন্তু তার আগেই পুলিশ গোপনে অভিযান চালিয়ে সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে।
পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ২৫ থেকে ৩০ বছর বয়সী এই গ্যাংয়ের সাথেই যুক্ত দুষ্কৃতীরা মাদক জাতীয় নেশায় আসক্ত রয়েছে। পুরাতন মালদার বাইপাস সড়ক এবং মালদা- নালাগোলা রাজ্য সড়ক ফাঁকা থাকার সুযোগ নিয়েই মূলত এরা লুটপাট ও ছিনতাইয়ের পরিকল্পনা নিয়েছিল। এবিষয়ে বিভিন্ন সূত্র থেকে পুলিশ জানতে পেরেই নড়েচড়ে বসে। তারপরে অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।

Post a Comment