ভুয়ো জাতীয় মানবাধিকার সংগঠনের বোর্ড লাগানো গাড়ি সহ গ্রেফতার তিন
দি নিউজ লায়নঃ এবার ভুয়ো জাতীয় মানবাধিকার সংগঠনের বোর্ড লাগানো গাড়ি সহ তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগে বিভিন্ন পদের ভুয়ো পরিচয় দিয়ে পুলিশের জালে ধরা পড়ছে একের পর এক অভিযুক্ত। শুক্রবার ঘটনাটি ঘটে কালনা থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কালনার ডাঙাপাড়ার একটি হোটেলে এসে দাঁড়ায় জাতীয় মানবাধিকার সংগঠন ও সামাজিক ন্যায় ব্যুরোর জাতীয় সম্পাদকের বোর্ড লাগানো একটি গাড়ি।
খাবার জন্য তিনজন গাড়ি থেকে নেমে হোটেলে ঢোকে। খাওয়ার সময় তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। কিন্তু কোনও একটি বিষয় নিয়ে নিজেদের মধ্যে শুরু হয় তর্ক। সন্দেহ হয় আশপাশের লোকজনের। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে আসল সত্য। জানা যায় তাদের প্রকৃত পরিচয়। অভিযুক্তরা হল আজিজ আলী শেখ, জাকির হোসেন ও ড্রাইবার আমজাদ হোসেন। অভিযুক্তদের বাড়ি মুর্শিদাবাদের চক বাজারে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে আটক করা হয়েছে জাতীয় মানবাধিকার সংগঠন ও সামাজিক ন্যায় ব্যুরোর জাতীয় সম্পাদকের বোর্ড লাগানো একটি গাড়ি।

Post a Comment