অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানা এলাকার সাঁতরাপুর অঞ্চলের সিঙ্গাই গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শনিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার নাম সোমা রাণা,তার বয়স ২৮। পুলিশ ও স্থানীয় সূত্রে, জানা গিয়েছে, প্রায় আট বছর আগে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকার বাসিন্দা গোপী রানার সাথে বিয়ে হয়েছিল সিঙ্গাই গ্রামের সোমা রানার ।
বিয়ের প্রায় এক বছর বাদেই শ্বশুর বাড়িতেই থাকতো অভিযুক্ত গোপী রানা । তাদের দুটি সন্তানও রয়েছে। ওই মহিলা বর্তমানে সন্তানসম্ভবা ছিলেন। স্থানীয়দের অভিযোগ, প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে গোলমাল লেগেই থাকত। এদিনও সেই একইভাবে ঝগড়াঝাটি চূড়ান্ত পর্যায়ে যায়। সোমা রানার মায়ের অভিযোগ দুজনের ঝগড়া থামাতে না পেরে পাড়ায় লোকজনকে খবর দিতে যান তিনি ।ঠিক সেই সময়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মেয়েকে জামাই খুন করে বলে তিনি অভিযোগ করেন।
বাড়ি ফিরে এসে রক্তাক্ত অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন সোমার মা লক্ষ্মী রাণা। এরপর স্থানীয়রা কেশিয়াড়ি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। অভিযুক্ত স্বামী গোপী রানা পলাতক। অভিযুক্তের খোঁজে কেশিয়াড়ি থানার পুলিশ তল্লাশি শুরু করেছে । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে কেশিয়াড়ি থানার সিঙ্গাই গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত গোপী রানা কে দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশের কাছে দাবি জানান।

Post a Comment