পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির অভিনব প্রতিবাদ তৃনমূলের
দি নিউজ লায়ন; পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃনমূলের ডাকা দুদিনের বিক্ষোভ অবস্থান কর্মসূচীর আজ দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে বাঁকুড়ার কোথাও দড়ি দিয়ে চারচাকা গাড়ি টেনে আবার কোথাও গরুর গাড়িতে বাইক চাপিয়ে অভিনব প্রতিবাদে সামিল হল তৃনমূল কর্মী সমর্থকরা। পেট্রল ডিজেলের দাম অবিলম্বে না কমলে আন্দোলন লাগাতার ভাবে চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছে তৃনমূল। পেট্রল ডিজেলের লাগাতার দাম বৃদ্ধিতে রীতিমত নাকাল সাধারণ মানুষ।
মার খাচ্ছে পরিবহন থেকে শুরু করে কৃষিকাজ। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। রান্নার গ্যাসের দামে আগুন লেগেছে মধ্যবিত্তের হেঁসেলে। এই অবস্থায় শনি ও রবিবার রাজ্যের পেট্রল পাম্পগুলির সামনে প্রতিবাদ ও ধর্ণা কর্মসূচীর ডাক দেয় তৃনমূল। সেই কর্মসূচী অনুযায়ী আজ বাঁকুড়ার প্রতিটি ব্লকে ও শহরে ভিন্ন ভিন্ন ভাবে পালিত হচ্ছে বিক্ষোভ কর্মসূচী। এর মধ্যে নজর কেড়েছে বাঁকুড়ার জয়পুর ব্লক তৃনমূলের অভিনব কর্মসূচী।
এদিন জয়পুর ব্লক তৃনমূলের উদ্যোগে গেলিয়া পাম্প মোড় থেকে চাতরা মোড় পর্যন্ত মিছিল হয়। এই মিছিলের একেবারে সামনে একটি চারচাকা গাড়িকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যান স্থানীয় তৃনমূল কর্মী সমর্থকরা। বাঁকুড়ার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গরুর গাড়ির মিছিল করে তৃনমূল। গরুর গাড়ির উপর কোনোটিতে বাইক আবার কোনোটিতে গ্যাস সিলিন্ডার চাপিয়ে প্রতিবাদ জানায় তৃনমূল কর্মীরা। পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশপুতুলও।

Post a Comment