ভ্যানচালকের অপহৃত নাবালক ছেলে চারদিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার! - The News Lion

ভ্যানচালকের অপহৃত নাবালক ছেলে চারদিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার!

 


দি নিউজ লায়ন;  ভ্যানচালকের নাবালক ছেলেকে অপহরণ করার পর কুড়ি লক্ষ টাকার মুক্তিপণ দাবি করেছিল দুষ্কৃতীরা।  পুলিশের কাছে অভিযোগ দায়ের হতেই কিছুটা হলেও হতভম্ব হয়ে পড়ে তদন্তকারী পুলিশ কর্তারা।  তদন্তে নেমে পুলিশ জানতে পারে জাতীয় সড়কের ধারে বেশ কিছু জমি রয়েছে ওই ভ্যানচালকের যার বর্তমান বাজার দর প্রায় কোটি টাকার কাছাকাছি যদিও এ ব্যাপারে ওই ভ্যানচালক সেভাবে কিছু জানে না বলে তদন্তকারীদের জানায়। 

গোটা ঘটনার সঙ্গে পরিচিত কেউ যুক্ত থাকতে পারে বলে সন্দেহ বাড়িয়ে দেয় পুলিশের।  অবশেষে চারদিন পর ওই ভ্যানচালকের নাবালক ছেলেকে অপহরণকারীদের ডেরা থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাজোল থানার আলাল গ্রাম পঞ্চায়েতের ময়না ফালাকাটা এলাকায়।


অপহরণকারীদের বাড়ি রতুয়া থানার বিজলি গ্রামে। ওই ভ্যানচালকের বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অভিযুক্তদের বাড়ি । কিন্তু মোবাইল ও বিভিন্ন সূত্র ধরে অপহরণকারীদের মূল পান্ডা নজরুল শেখের বাড়িতেই বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় গাজোল থানার পুলিশ। সেই বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই ভ্যানচালকের ছেলে বৈদ্যনাথ সোরেনকে (১৭) উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় যদিও  অপহরণকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ । উদ্ধার হওয়া বৈদ্যনাথ সোরেন অবশ্য অপহরণকারীদের নাম-পরিচয় পুলিশকে জানিয়েছে।


 সেই সূত্র ধরেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে গাজোল এবং রতুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  গাজোল থানার ময়না ফালাকাটা এলাকার বাসিন্দা নগেন সোরেনের একমাত্র ছেলে বৈদ্যনাথ সোরেন। পেশায় ভ্যানচালক নগেন সোরেনের বাড়িতে গত রবিবার নজরুল শেখ এবং কালাম শেখ আম নিয়ে যাবার জন্য  মোটর চালিত ভ্যান গাড়ি ভাড়া নেওয়ার কথা বলেন।  কিন্তু নগেনবাবু অসুস্থ থাকার জন্য তার ছেলে বৈদ্যনাথকে ভ্যান করে আম নিয়ে ওই দুই যুবকের সাথে যায় । তারপর থেকেই নিখোঁজ ছিল বৈদ্যনাথ সোরেন। গত সোমবার নগেনবাবুর কাছে তার ছেলে অপহরণের করার একটি ফোন আসে। সেখানেই মুক্তিপণ বাবদ কুড়ি লক্ষ টাকা চাওয়া হয় । ওই দিন রাতেই ভ্যানচালক নগেনবাবু তার ছেলের অপহরণের অভিযোগ থানায় দায়ের করে। এরপরই তদন্তে নামে পুলিশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.