কোরবানির জন্য এক কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত
দি নিউজ লায়ন; কোরবানির জন্য প্রায় এক কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত। রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম একথা বলেন। প্রাণিসম্পদমন্ত্রী বলেন, আসন্ন কোরবানির জন্য প্রায় এক কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত আছে।
গত দুটি কোরবানির ঈদে আমরা দেশের বাইরে থেকে পশু আসতে দেইনি। তাতে পশুর সংকট হয়নি। এ বছরও দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। সীমান্তেও আমরা যোগাযোগ করছি, যাতে চোরাইপথে বা অন্যকোনো পথে একটা পশুও দেশের ভেতর প্রবেশ করতে না পারে। কারণ আমাদের খামারিদের কথা মনে রাখতে হবে। তারা অনেক কষ্ট করে খামার তৈরি করেছে, বিনিয়োগ করেছে। তাদের পশু বিক্রি হবে না, বাইরে থেকে আসবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
শ ম রেজাউল করিম বলেন, দেশে এখন ৪১ কোটি ২২ লাখ ৪৪ হাজার গবাদিপ্রাণি মজুদ আছে। এটা কেউ কল্পনাও করতে পারেনি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা এবং সব সহযোগিতার কারণে সরকারি-বেসরকারি খাতে এ অভাবনীয় উন্নয়ন হয়েছে।

Post a Comment