টিকার যোগান কম থাকায় সমস্যায় সাধারণ মানুষ
দি নিউজ লায়ন: করোনা সংক্রমণ রোধে টিকাকরণে জোর দিতে হবে। অথচ এই টিকার যোগান অপ্রতুল থাকায় হাওড়া গ্রামীণ এলাকার বিভিন্ন ব্লকে প্রথম ডোজের টিকা দেওয়া যাচ্ছে না। কোথাও আবার দেওয়া হলেও সেটা মূলত দ্বিতীয় ডোজ। এদিকে তৃতীয় ঢেউয়ের আগে ১২ বছর পর্যন্ত শিশুদের মায়েদের টিকাকরণের পরিকল্পনা রাজ্য সরকার করলেও টিকর যোগান কম থাকায় হাওড়া জেলায় এই সংখ্যা অনেকটাই কম।
সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ১২ বছর পর্যন্ত শিশুদের মায়েদের দ্রুত টিকাকরণ করা হবে। সেইমতো হাওড়া জেলায় এই কাজ শুরু হয়েছে। যদিও সংখ্যাটা খুবই সামান্য। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর হাওড়া জেলায় ৬ লক্ষ্য মা এই তালিকায় আছেন। যাদের মধ্যে মাত্র কয়েক হাজার মায়ের টিকাকরণ হয়েছে। ফলে এই সব মায়েদের দ্রুত টিকাকরণ করতে গেলে আরো বেশি পরিমাণ টিকার প্রয়োজন। না হলে এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়া প্রায় অসম্ভব। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর কত ২৭ জুন জেলায় প্রায় ২০ হাজার করোনা টিকা এসেছিল। সেই টিকা সাধারণ মানুষকে দেওয়া হয়েছে। যদিও এই টাকার পরিমাণ এতটাই কম ছিল যে জেলার ১৪ টি ব্লক এবং উলুবেড়িয়া পুর এলাকায় প্রতিদিন টিকাকরণ সম্ভব হয়নি। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর বুধবার পুরসভার স্বাস্থ্য ভবনে টিকাকরণ হলেও সেটা দ্বিতীয় ডোজ।
এই বিষয়ে হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাই মন্ডল জানান টিকার যোগান কম থাকায় সব জায়গায় টিকাকরণের কাজ সম্ভব হয়নি। যদিও যেটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান বুধবার আরো টিকা আসার কথা সেটা আসলে টিকাকরণের কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে।

Post a Comment