মানুষের পাশে থেকে আহ্বান শ্রীকান্ত মাহাতোর - The News Lion

মানুষের পাশে থেকে আহ্বান শ্রীকান্ত মাহাতোর

 


দি নিউজ লায়ন;  রবিবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা তিন নম্বর ব্লকের উড়াসাই ৪ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্থানীয় মানিকবাঁধ হাইস্কুল প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এবং বস্ত্র দফতরের  প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, গড়বেতা তিন পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই রতন ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব ঘোষ, জ্ঞানাঞ্জন মন্ডল সহ আরো অনেকে। ওই অনুষ্ঠানে মন্ত্রী সহ উপস্থিত সকলকে ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয় । 


অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায়  নিয়ে এসেছে ।বাংলার মানুষ শান্তি  ও উন্নয়ন চায়। তাই সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে তারা বিদায় দিয়েছে । সেই জন্য তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থাকার তিনি আবেদন জানিয়েছেন। বিজেপি নানাভাবে বাংলা জুড়ে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। তাই তিনি দলীয় নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে । 


মানুষের অভাব অভিযোগের কথা মন দিয়ে শুনতে হবে এবং তাদের অভাব অভিযোগগুলি যথাস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে ।জনগণ যদি পাশে না থাকতো তাহলে আমরা ক্ষমতায় আসতে পারতাম না। এই এলাকার জনগণ চেয়েছিল বলে আজকে আমি বিধায়ক বা মন্ত্রী হতে পেরেছি। যদি জনগণ আমাকে না চাইতো তাহলে বিধায়ক বা মন্ত্রী হতে পারতাম না । তাই জনগণকে বাদ দিয়ে কোন কিছুই করা সম্ভব নয়। 


তাই তিনি প্রতিটি মানুষের পাশে গিয়ে সকলকে দাঁড়ানোর আহ্বান জানান। সুখ-দুঃখে মানুষের পাশে থাকাটা আমাদের একমাত্র কাজ বলে তিনি জানান। সেইসঙ্গে এলাকার উন্নয়নের কাজে তিনি সকলকে শামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন আগামী দিনে সারা ভারতবর্ষকে পথ দেখাবে বাংলা। তাই প্রতিটি মানুষের কথা আমাদের ভালোভাবে শুনতে হবে। মানুষ কি চায় তা আমাদের বুঝতে হবে ।তৃণমূল কংগ্রেস হিংসা ও সন্ত্রাস চায় না ,শান্তি ও উন্নয়ন চায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তিনি সকলের কাছে আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.