কলেজ ছাত্রীর পেটে কাঁচি চালানোর অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি
দি নিউজ লায়ন; কলেজ ছাত্রীর পেটে কাঁচি চালিয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতের নাম সত্যম দে ওরফে চিনা। মেমারি থানার দেবীপুরের বটতলা এলাকায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, মেমারি থানার জুঝাপুরে বছর একুশের ওই কলেজ ছাত্রীর বাড়ি। মঙ্গলবার তিনি দেবীপুরে প্রাইভেট টিউশন পড়তে যান। টিউশন শেষে বিকেল সাড়ে ৫টা নাগাদ তিনি দেবীপুরের বেলতলায় দাঁড়িয়েছিলেন। সেই সময় আচমকা ওই ব্যক্তি তাঁর পেটে কাঁচি চালিয়ে দেয়। তাঁর পেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে মেমারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। হামলার কথা জানিয়ে তাঁর মা মেনকা হাঁসদা রাতেই থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ধারাল অস্ত্র দিয়ে জখম করার ধারায় মামলা রুজু করেছে পুলিস। বুধবার ভোরে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। তার দেখানো জায়গা থেকে রক্তমাখা কাঁচিটি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে ১৯ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।

Post a Comment