দূরপাল্লার ট্রেনে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ জন গ্রেপ্তার
দি নিউজ লায়ন; ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ জনকে বর্ধমান জিআরপি গ্রেপ্তার করেছে । দূরপাল্লার ট্রেনে ডাকাতি করার উদ্দেশ্য ছিল বলে পুলিস জেনেছে। ধৃতদের নাম শেখ মিঠু, শেখ সাজামল, শেখ ছোট্টু ও থাপ্পড় সিং। বর্ধমান থানার ডাঙাপাড়া, দুবরাজদিঘি, মালিবাগান ও আলিসা বাসস্ট্যান্ড এলাকায় ধৃতদের বাড়ি।
জিআরপি জানিয়েছে, রবিবার গভীর রাতে বর্ধমান স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফের্ম হাওড়ার দিকে প্রস্রাবাগারের পিছনে বেশ কয়েকজন জড়ো হয়েছিল। খবর পেয়ে জিআরপি সেখানে হানা দিয়ে ওই ৪ জনকে ধরে। দলের ৭-৮ জন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ছুরি, ভোজালি, লোহার রড, সাইকেলের চেন প্রভৃতি উদ্ধার হয়েছে বলে জিআরপির দাবি।
দূরপাল্লার ডাউন ট্রেনে ডাকাতির পরিকল্পনায় তারা সেখানে জড়ো হয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে জিআরপি। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ২৫ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।

Post a Comment