নিখোঁজ ইলেকট্রিক মিস্ত্রির মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়ন; ছয়দিন নিখোঁজ থাকার পর কালিন্দী নদী থেকে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃতদেহ উদ্ধার করলো পুলিশ । সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নদীতে মৃতদেহ ভাষার ছবি দেখতে পেয়ে মালদা মেডিকেল কলেজের মর্গে ছুটে আসেন মৃতের পরিবারের লোকেরা। মঙ্গলবার দুপুরে সেই মৃতদেহ সনাক্ত করেন পরিবারের লোকেরা। এই ঘটনায় মৃতের পরিবার এলাকারই এক ব্যক্তি বাচ্চু বসাক সহ চারজনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন । মৃত ওই ব্যক্তির বাড়ি মানিকচক থানার ধরমপুর গ্রাম পঞ্চায়েতের রাজনগর এলাকায়।
আর মৃতদেহটি উদ্ধার হয়েছে ইংরেজবাজার থানার কোতোয়ালি এলাকার কালিন্দী নদীতে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মিঠু শেখ (৩৫)। পরিবারে স্ত্রী হাসিনা বিবি এবং দুই নাবালক ছেলে রয়েছে। গত বৃহস্পতিবার রাতে মিঠু শেখকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী এক বন্ধু বাচ্চু বসাক । আর সেদিন থেকেই নিখোঁজ ছিল পেশায় ইলেকট্রিক মিস্ত্রি মিঠু শেখ। এরপর ওই ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য মানিকচক থানা নিখোঁজের একটি অভিযোগ জানান মিঠু'র স্ত্রী হাসিনা বিবি।
সোমবার রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইংরেজবাজার থানার কোতুয়ালি এলাকার কালিন্দী নদীতে মৃতদেহ ভেসে ওঠার বিষয়টি জানতে পারেন মিঠু শেখের পরিবার। এরপর তারা বিষয়টি নিয়ে সন্দেহ করে মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজের মর্গে আসেন। সেখানে পুলিশের উপস্থিতিতে দেহটি সনাক্ত করেন মৃতের পরিবার। এই ঘটনায় প্রতিবেশী ওই ব্যক্তি ও তার দলবলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে মানিকচক থানায়।

Post a Comment