কৃষকদের হাতেই কৃষি আন্দোলনের পতাকা থাকবে, পুলক রায় - The News Lion

কৃষকদের হাতেই কৃষি আন্দোলনের পতাকা থাকবে, পুলক রায়

 


দি নিউজ লায়নঃ কৃষকদের হাতেই কৃষি আন্দোলনের পতাকা থাকবে। জেলার প্রতিটি বিধানসভায় কৃষি আন্দোলনের সঙ্গে যুক্ত কৃষকদের হাতে কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিতে হবে। রবিবার বিকেলে বাগনানে হাওড়া জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে যোগ দিতে এসে এই কথা বলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।


এদিন মন্ত্রী বলেন কৃষি আন্দোলনকে আরো বেশি করে সংগঠিত করতে হবে। এর পাশাপাশি কৃষকদের জন্য রাজ্য সরকার কি করেছে সেটাও প্রতিটি পরিবারের কাছে পৌছে দিতে হবে। পুলক রায় বলেন কৃষি বিলের বিরুদ্ধে বার্তা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাসেই দিল্লি হরিয়ানার আন্দোলনরত কৃষকদের কাছে পৌঁছাবেন। এদিনের এই সম্মেলনে কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু বলেন বর্তমানে মহিলারা অনেক বেশি কৃষি কাজের সঙ্গে যুক্ত। 


সেই কারণে মহিলাদের আরো বেশি করে গুরুত্ব দিয়ে সংগঠনে নিয়ে আসতে হবে। তিনি বলেন কৃষক সংগঠন কৃষকদের নিয়ে তৈরি করতে হবে শুধুমাত্র তৃণমূল নেতাদের নিয়ে কমিটি ভরিয়ে দেওয়া চলবে না। কৃষক সংগঠনের সিংহভাগই যাতে কৃষকরা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কৃষি বিলের বিরোধিতা করে তিনি বলেন এই আইনগুলি কৃষকদের জমি ফসল জীবিকা কেড়ে নিয়ে কর্পোরেট সংস্থাদের হাতে তুলে দেওয়ার আইন। এই বিষয়গুলি সাধারণ কৃষকদের বোঝাতে হবে। পূর্ণেন্দু বসু বলেন কৃষকরা পথে নামলে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। সেই কারণে ২০২৪ সকালে লোকসভা নির্বাচনে ভালো ফল করার দায়িত্ব কৃষক সংগঠনের উপর ন্যাস্ত করেন পূর্ণেন্দু বসু।


এদিনের এই সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক অরুণাভ সেন, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক ডাঃ নির্মল মাজি, বাগনান কেন্দ্র কিসান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রনাথ বোস সহ অন্যান্যরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.