ষড়যন্ত্র করে রাজনৈতিক কেরিয়ার শেষ করার চেষ্টা চলছে। অভিযোগ বিনয় তামাং এর
দি নিউজ লায়নঃ 'আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমার রাজনৈতিক কেরিয়ার শেষ করার চক্রান্ত চলছে। পাহাড়ে রাজনীতিতে এবার আমার তৃতীয় অধ্যায়ের শুরু'- সাংবাদিক সম্মেলন ডেকে বিস্ফোরক অভিযোগ করে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতির পদ ছাড়লেন বিনয় তামাং। বৃহস্পতিবার আচমকা সাংবাদিক বৈঠক ডেকে নিজের ইস্তফার কথা ঘোষণা করেন তিনি। বিনয় বলেন, লোকসভা নির্বাচন এবং পরবর্তীকালে বিধানসভা নির্বাচনে দল ভালো ফল করেনি।
সভাপতি হিসেবে এই দায় আমি অস্বীকার করতে পারি না কিন্তু এটাও ঠিক দলের সর্বস্তরের নেতাকর্মীরা একজোট হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেনি। অনেক ক্ষেত্রেই ষড়যন্ত্র হয়েছে বিশেষ করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। পাহাড়ে আমি যাতে রাজনীতি করতে না পারি তার জন্য চক্রান্ত চলছে। তাই গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি পদ থেকে আমি পদত্যাগ করছি। তবে যেভাবে পাহাড়ের উন্নয়নে মানুষের পাশে ছিলাম তেমনই থাকব রাজনীতি থেকে অবসর নিচ্ছি না।
গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠীর বলে আর কিছু থাকবে না। যদিও কে বা কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি তামাং। এরপরই নিজের পদত্যাগপত্র ই-মেল মারফত তিনি পাঠিয়ে দেন দলের সেক্রেটারি অনিত থাপার কাছে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো নিজের পদত্যাগপত্রের একটি কপি তিনি পাঠিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার অন্য গোষ্ঠীর নেতা বিমল গুরুং কেও। বিনয় তামাং য়ের পদত্যাগ প্রসঙ্গে বিমল গুরুং এদিন বলেন, উনি যা সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানাচ্ছি। এতদিনে উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
বারবার বলে আসছিলাম গোর্খা জনমুক্তি মোর্চার দু'রকম প্রতীক হওয়ার কোন মানে হয় না। গোর্খা জনমুক্তি মোর্চা একটি দল তার একটি প্রতীক থাকবে। অন্যদিকে অনিত থাপা এ প্রসঙ্গে জানিয়েছেন, বিনয় তামাং এর আচমকা পদত্যাগে বিস্মিত। দলে কোন সমস্যা হলে তা দলের অন্দরে আলোচনা হতে পারতো কিন্তু তা না করে আচমকা পদত্যাগ করা ঠিক নয়। বস্তুত জিএনএলএফ দিয়ে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন বিনয় তামাং।
এরপর বিমল গুরুংয়ের ছায়া সঙ্গী হিসেবে গোর্খা জনমুক্তি মোর্চায় যোগ দেন। 2017 তে বিমল গুরুং রোশন গিরিদের অনুপস্থিতিতে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা হিসেবে উঠে আসেন বিনয় তামাং। এদিন বিনয় তামাং এর মুখে শোনা যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তিনি বলেন, যখন রাজনীতি শুরু করেছিলাম তখন জি এন এল এফ- এ ছিলাম। এটা ছিল আমার রাজনৈতিক কেরিয়ারের প্রথম অধ্যায়। তারপর যোগ দিয়েছিলাম গোর্খা জনমুক্তি মোর্চায়। সেটা ছিল দ্বিতীয় অধ্যায়। এবার রাজনৈতিক জীবনের তৃতীয় এবং শেষ অধ্যায় শুরু করব।

Post a Comment