ইউটিউবারের ঝুলন্ত দেহ উদ্ধার - The News Lion

ইউটিউবারের ঝুলন্ত দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ  ঝুলন্ত অবস্থায় নাবালিকা ইউটিউবারের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজাপুর থানা পশ্চিম পাড়ায়। মৃতার নাম পারমিতা মন্ডল (১৭)। পারমিতা এই বছর মাধ্যমিক পাস করেছে। রাজাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

জানা গেছে পড়াশোনার পাশাপাশি উলুবেড়িয়ার একটি ইউটিউব চ্যানেলে অভিনেত্রী হিসেবে কাজ করতো পারমিতা। যদিও গত কয়েক মাস সে ইউটিউব চ্যানেলে অভিনয় করছিল না বলে পরিবার সূত্রে খবর। দিন কয়েক আগে পারমিতার মা লক্ষ্মী মন্ডলের চিকিৎসার জন্য তার বাবা তমাল কৃষ্ণ মন্ডল লক্ষ্মী দেবীকে নিয়ে ভেলোরে যাওয়ায় বর্তমানে বাড়িতে পারমিতা তার দিদি ও ভাই থাকত। স্থানীয় সূত্রে খবর প্রতিদিনের মতো শনিবার সকালে পারমিতার দিদি সুস্মিতা মন্ডল কাজে চলে যাওয়ার পর বাড়িতে ছোট ভাইকে নিয়ে একাই ছিল কিশোরী। বিকেলে বাড়ি ফাঁকা থাকার সুযোগে পারমিতা বাড়ির দোতলার একটি ঘরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। সন্ধ্যায় সুস্মিতা মন্ডল কাজ থেকে ফিরে বোনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।


সুস্মিতা জানায় সোমবার মায়ের অপারেশন হওয়ার জন্য বাবা মাকে নিয়ে ভেলোর গেছে। শনিবার ভোর ৫ টার সময় বোনকে ঘুম থেকে ডেকে দিয়ে আমি কাজে চলে গিয়েছিলাম। এরপর বোন বাড়ির কাজ করার পাশাপাশি দুপুরে রান্না করে দিদাকে খেতে দেয়। পরে বিকেলে ভাইকে খেলতে পাঠিয়ে এই কাজ করেছে। সুস্মিতার বক্তব্য বোন ইউটিউব চ্যানেলে কাজ করলেও গত ৬ মাস কোন অভিনয়ে অংশ নেয়নি।অন্যদিকে ভেলোরে বসে মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে তমাল কৃষ্ণ মন্ডলের। তিনি জানান অত্যন্ত মেধাবী তার এই মেয়ে অভিনয় করতে ভালোবাসত। সেই সুবাদে একটি ইউটিউব চ্যানেলে কাজ করত। তিনি জানান বেশ কিছুদিন ধরেই পারমিতাকে উদাসীনভাবে থাকতে দেখেছি তবে কি কারণে ঘটনা ঘটলো সেটা এখনো বুঝতে পারছিনা। রাজাপুর থানা সূত্রে খবর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পাশাপাশি সবদিক নজর রাখছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.