খড়গ্রামে ডাম্পারের ধাক্কায় মৃত ৪
দি নিউজ লায়নঃ শুক্রবার সকালে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত ভালকুন্দি মোড়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় ৪ জনের। আর গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ২ জন। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এদিন ভালকুন্দি মোড়ে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
সেই সময় রামপুরহাটের দিক থেকে আসা একটি পাথরের গুঁড়ো বোঝাই ওভারলোডেড ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে হটাৎই ঢুকে যায় ওই চায়ের দোকানে। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। আহত চারজনকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা আরও দু'জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম প্রকাশ মার্জিত (২৯),উজ্জল শেখ (১৮), আলামিন শেখ(৬৫) ও হেপাজুল সেখ(৬৫)। দূর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় খড়গ্রাম থানার পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য কান্দি হাসপাতালে পাঠানো হয়েছে । আটক করা হয় ডাম্পারটিকেও। তবে পলাতক ডাম্পারের চালক ও খালাসি।
Post a Comment