গুরুপূর্ণিমা উপলক্ষে বৃষ্টিকে উপেক্ষা করেই বেলুড় মঠে ভক্তদের ভীড়
দি নিউজ লায়নঃ করোনা আবহে গুরুপূর্ণিমা উপলক্ষে আজ শনিবার একদিনের জন্য খোলা হলো বেলুড় মঠ। এই উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভীড় লক্ষ্য করা গেল মঠ প্রাঙ্গনে। বৃষ্টিকে উপেক্ষা করেই ভক্ত দর্শনার্থীদের সুশৃঙ্খল উপস্থিতি এদিন দেখা যায়। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা থাকলেও রাজ্যে বিগত কয়েক দিন ধরে কোভিড সংক্রমণের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। একই চিত্র হাওড়া জেলাতেও। সেই কথা বিবেচনা করেই আজ ২৪ জুলাই গুরুপূর্ণিমাতে একদিনের জন্য বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত নেয় বেলুড় মঠ কর্তৃপক্ষ। আজ বেলুড় মঠ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা অবধি খোলা থাকবে। এরপর বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট অবধি খোলা থাকবে।
মন্দিরে প্রবেশ করতে পারলেও সমস্ত সন্ন্যাসী মহারাজদের সঙ্গে ভক্তদের সাক্ষাৎকার বন্ধ রাখা হয়েছে। মঠের মহারাজরা ভিডিও বার্তার মাধ্যমে তাঁদের ভক্ত ও দর্শনার্থীদের জন্য আশীষ পাঠাবেন। পাশাপাশি মঠের অভ্যন্তরে বৈদিক মন্ত্র ও স্তোত্রপাঠ, ভজন, স্বামীজীদের বক্তব্য পাঠ প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান ভার্চুয়ালি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। যা বেলুড় মঠের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। রাজ্যে কার্যত কোভিড বিধিনিষেধ জারি থাকার জন্য শুধুমাত্র মূল মন্দিরে প্রবেশ ও প্রণাম করতে পারবেন বেলুড় মঠে আগত ভক্ত ও দর্শনার্থীরা। মঠ সূত্রের খবর, গুরুপূর্ণিমার জন্য শনিবার একদিনের জন্য ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মঠের দরজা।
তবে পরিস্থিতি স্বাভাবিক হলে খুব শীঘ্রই ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠের দরজা ফের খোলার কথা চিন্তাভাবনা করছেন মঠ কর্তৃপক্ষ। বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ বলেন, এখনই ভক্তদের বেলুড় মঠে নিয়ে এসে বিপদে ফেলতে চাই না। শুধু ভক্ত নয়, বেলুড় মঠের সাধুদেরও নিরাপদে রাখা হচ্ছে। বর্তমানে বেলুড় মঠে প্রায় সাড়ে ছ’শো জন আবাসিক রয়েছেন। সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে সরকারি নির্দেশিকা মেনেই মঠের দরজা খোলা হবে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল করোনা অতিমারিতে রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠের আবাসিক সন্ন্যাসী ও ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল বেলুড় মঠ। দীর্ঘদিন বন্ধ থাকার পরে একদিনের জন্য বেলুড় মঠ খোলার সিদ্ধান্তের খবর পেয়ে খুশি মঠের ভক্ত ও দর্শনার্থীরা।


Post a Comment