ঝাড়খণ্ডের গোড্ডায় মিলেছে মালদার যুবতীর দেহ, গ্রেফতার ৭
দি নিউজ লায়নঃ ঝাড়খণ্ডের গোড্ডায় মিলেছে মালদার যুবতীর দেহ। তদন্তে নেমে পুলিশের হাতে আসে চাঞ্চল্য কর তথ্য। প্রেমিককে ছেড়ে অন্যত্র বিয়ে করতে রাজি না হওয়ায় রাগ করে বাড়ির মেয়েকে খুন করেছে পরিবারের লোকেরা। এই ঘটনায় পুলিশ পরিবারের ৭ জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঝাড়খণ্ড জেলার গোড্ডার গান্ধিগ্রাম এলাকার।
তবে ওই যুবতী মালদার গাজোলের বাসিন্দা ৷ গত 13 জুলাই গান্ধিগ্রামের জামজোড়ির একটি পুকুরে বস্তাবন্দি এক মহিলার দেহ উদ্ধার হয় ৷ তখন দেহটি শনাক্ত করা যায়নি ৷ কারণ মৃত যুবতী ওই এলাকায় পরিচিত ছিল না ৷ পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃতের নাম ওলকি কুমারী ৷ বাড়ি মালদার গাজোলে ৷ গ্রামের রুপচাঁদ মণ্ডল নামে এক যুবকের সঙ্গে ওলকির প্রেমের সম্পর্ক ছিল ৷ তবে তাদের বিয়েতে পরিবারের সম্মতি ছিল না ৷
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওলকি প্রেমিকের সঙ্গে বিয়ের জেদ ধরে বাড়ি থেকে পালিয়ে যান৷ পরে তাঁকে ফিরিয়ে এনে গোড্ডার গান্ধিগ্রামে সঞ্জীব যাদব নামে এক আত্মীয়ের বাড়িতে দিন কুড়ি রেখে মির্চাচৌকিতে তাঁর বিয়ে ঠিক করা হয় ৷ কিন্তু বিয়েতে রাজি না হওয়ায় একদিন দাদা-ভাইয়েরা মিলে বোনকে গলা টিপে খুন করে বলে পুলিশের দাবি ৷
দু‘দিন ধরে বাড়িতে লাশ পড়ে থাকার পর প্রমাণ মেটাতে দেহ বস্তাবন্দি করে জামজোড়ির পুকুরে ফেলে দেওয়া হয় ৷ গোড্ডার এসপি ওয়াই এস রমেশ বলেছেন, খুনের সঙ্গে যুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে ৷ জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা নিজের দোষ স্বীকার করেছে ৷
Post a Comment