ভুয়ো সিবিআই-কান্ডে ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের ৮ দিনের পুলিশি হেফাজত - The News Lion

ভুয়ো সিবিআই-কান্ডে ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের ৮ দিনের পুলিশি হেফাজত

 


দি নিউজ লায়নঃ   ভুয়ো সিবিআই-কান্ডে দিল্লি থেকে ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার সকালে হাওড়ায় আনা হয়। এদিন সকালে দিল্লি থেকে রাজধানী স্পেশাল এক্সপ্রেসে তাকে নিয়ে আসা হয় হাওড়ায়। এদিন দুপুরে তাকে তোলা হয় হাওড়া জেলা আদালতে। জগাছা থানার তরফ থেকে হাওড়া আদালতে ধৃতের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হয়। সিবিআই অফিসার হিসেবে ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা কান্ডে অভিযুক্ত এই শুভদীপ বন্দোপাধ্যায়।


 মঙ্গলবার সকালে  দিল্লি থেকে এসি স্পেশাল রাজধানী এক্সপ্রেসে হাওড়ায় নিয়ে আসা হয় তাকে। সকাল ৯-৫২ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে এসে পৌঁছায় সেই ট্রেন। সেখান থেকে শুভদীপকে সরাসরি নিয়ে আসা হয় জগাছা থানায়। তারপর দুপুরে মেডিকেল চেকআপের জন্য তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখান থেকে শুভদীপকে হাওড়া আদালতে তোলা হয়। ধৃতকে ১২ দিনের জন্য নিজেদের হেফাজতে রাখতে আদালতের কাছে আবেদন করে পুলিশ। 


আদালত ধৃতের ৮ দিনের পুলিশ হেফাজত দেয়। ধৃতের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। শুভদীপের প্রাক্তন স্ত্রীও থানায় মামলা করেছেন। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৪, ৪৬৮ (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি), ৪৬৯ (ক্ষতির উদ্দেশ্যে জালিয়াতি), ৪৭০ (জাল নথি বা বৈদ্যুতিক রেকর্ড) , ৪১৬ (ব্যক্তিত্ব দ্বারা প্রতারণা করা) সহ ৪১৮, ৪১৯, ৪২০  ধারা মামলা রুজু করা হয়েছে।  এছাড়াও ভারতীয় দণ্ডবিধির বধূ নির্যাতনের মামলাও (৪৯৮এ) তার বিরুদ্ধে করা হয়েছে।  


একাধিক মানুষকে  বিভিন্নভাবে  প্রতারণা করেছে বলেও অভিযোগ ধৃত শুভদীপের বিরুদ্ধে।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শুভদীপ হাওড়া থেকে দিল্লির এক পাঁচতারা হোটেলের ৭৩৯ নম্বর, রুমে ৪দিন ছিল।  সোমবার নেপালে পালানোর ছক করেছিল সে। তার পরিকল্পনা ছিল ট্রেনে  রক্সল হয়ে সে নেপাল পালাবে। এর জন্য সে   অনলাইনে বিল পেমেন্ট করেছিল। জানা গেছে, শুভদীপ কনসালটেন্সির কাজও করত। বাইজু থেকে ট্রেনিং নিত বি টেক কম্পিউটার সায়েন্সে। 


তবে সে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে যে প্রতারণা করেছিল বলে অভিযোগ উঠেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। এ ব্যাপারে সরকারি আইনজীবী তারাগতি ঘটক জানিয়েছেন,  অভিযুক্ত শুভদীপকে দিল্লি থেকে হাওড়ায়  আনা হয়েছে। এদিন তাকে আদালতে তোলা হলে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনায় যুক্ত অন্যান্যদেরও খোঁজ চালানো হচ্ছে। তারা কিভাবে কাজ করতো, তাদের কাজের পদ্ধতি কি ছিল তা দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.