সোনারপুরে ব্যাপক উত্তেজনা - The News Lion

সোনারপুরে ব্যাপক উত্তেজনা

 


দি নিউজ লায়ন;  :স্বাস্থ্য সাথী কার্ড দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক বৃদ্ধ। কিন্তু তাঁর মৃত্যুর পর পরিবারের লোকজনদের কাছে মোটা টাকা দাবির অভিযোগ উঠল একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোনারপুরে। টানা কয়েকঘন্টা দেহ আটকে রাখার পর পরিবারের লোকজন হাসপাতালে চড়াও হয়। পরে চাপে পড়ে দেহ ছাড়তে রাজি হয় কর্তৃপক্ষ। এই ধরনের সমস্যা এড়াতে স্থানীয় প্রশাসনকে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম-এর উপর নজর রাখার  আবেদন জানিয়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনারপুরের জগদীশপুরের বাসিন্দা জন্মেনঞ্জয় মন্ডল নামে বছর ছিয়াত্তরের এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে কলকাতার কেপিসি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু সেখানে স্বাস্থ্য সাথী কার্ডের গ্রহণযোগ্যতা না থাকায় অসহায় পরিবারটি বৃদ্ধকে  কালিকাপুরের ইস্পাত কোঅপারেটিভ হাসপাতালে নিয়ে যান। স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়েই তাঁকে সেখানেই ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, হাসপাতালের কথামত সাত হাজার টাকার টেস্টও করা হয় বৃদ্ধের। সেই টাকা নগদ চুকিয়েও দেন তাঁরা। রাত সাড়ে বারোটা নাগাদ জন্মেঞ্জয় বাবুর মৃত্যু হয় বলে পরিবারের লোককে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, সকালে পরিবারের লোকজন হাসপাতাল এলে তাঁদের কাছে ৪২ হাজার টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। টাকা দিতে না পারায় মৃতদেহ আটকে রাখারও অভিযোগ উঠেছে ওই হাসপাতালের বিরুদ্ধে। দীর্ঘ টালবাহানার পর দেহ ছাড়তে রাজি হয় হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতের ছেলে সৌমিত্র মন্ডল বলেন, 'স্বাস্থ্যসাথী কার্ড থাকার পরও নগদ ৪২ হাজার টাকা চেয়েছিল হাসপাতাল। দিতে পারিনি বলে বাবার দেহ ৫ ঘন্টার বেশি আটকে রাখে। টাকার জন্য রীতিমত জুলুম করা হয়। অনেক কাকুতি মিনতি করার পর দেহ হাতে পাই। প্রশাসনের চোখের ডগায় কিভাবে হাসপাতাল এই রকম বেআইনি কাজ করছে বুঝতেই পারছি না।' 


তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল বোঝাবুঝির জন্যই এই ঘটনা ঘটেছে। পরে ঘটনার কথা জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক লাভলি মৈত্র। তিনি বলেন, 'আগামী দিনে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলির বিশেষ নজর রাখা হবে। এই ধরনার খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি স্থানীয় প্রশাসন এবং পুর ও গ্রামপঞ্চায়েত এলাকার প্রশাসকদেরকে।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.