জন্মদিনে স্মরণঃ কমরেড জ্যোতি বসু
দি নিউজ লায়ন; তিনি ছিলেন প্রধানতঃ এবং মূলত কমিউনিস্ট বিপ্লবী। মতাদর্শের ক্ষেত্রে তাঁর অবস্থান ছিল খুবই স্বচ্ছ। মার্কসীয় মতাদর্শের মর্মবস্তুকে তিনি বুঝতেন এবং সার্থকভাবে প্রয়োগ করতে পারতেন। মার্কসবাদে তাঁর দখল ছিল আর সেই সঙ্গে ছিল প্রখর বাস্তব জ্ঞান। সবটা মিলিয়েই তিনি ছিলেন কমিউনিস্ট গণ নেতা, যাঁর জনপ্রিয়তা ছিল প্রায় আকাশ ছোঁয়া। তিনি শ্রদ্ধেয় জ্যোতি বসু।
এক শিক্ষিত উচ্চবিত্ত পরিবারে তাঁর জন্ম। তিনি লেখাপড়া করেছেন কলকাতার অভিজাত স্কুল ও কলেজে। ইংরেজী সাহিত্যে অনার্স নিয়ে বিএ পাশ করেছেন প্রেসিডেন্সী কলেজ থেকে। তখনো তিনি মার্কসবাদের সংস্পর্শে আসেননি। তাঁর পরিবারের মধ্যে স্বদেশী ও বৃটিশ বিরোধী চেতনাবোধ ছিল— যা স্বাভাবিক কারণেই বালক ও তরুণ জ্যোতি বসুর মধ্যে সঞ্চায়িত হয়েছিল। তাঁর পিতার সঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ঘনিষ্ট সম্পর্ক ছিল।
কলকাতার পড়াশোনা শেষে তিনি লন্ডন গিয়েছিলেন ব্যরিস্টারি পড়তে। বিলেত থেকে ব্যরিস্টার হয়ে তিনি দেশে ফিরে আসলেন, কিন্তু ব্যরিস্টারী করলেন না। তিনি হলেন কমিউনিস্ট পার্টির সার্বক্ষনিক কর্মী। বিলেতে থাকাকালীন তিনি ব্যরিস্টারী পাশ করার পাশাপাশি আরেকটি অনেক বড় অর্জন করেছিলেন। তা হলো মার্কসবাদে দীক্ষাগ্রহণ।
গ্রেট বৃটেনের কমিউনিস্ট পার্টির হ্যারি পাল্টি, রজনীপাম দত্ত, বেন ব্রেডলি প্রমুখ তাঁকে সাহায্য করেছিলেন মার্কসবাদে শিক্ষিত করে তুলতে। উচ্চবিত্ত ঘরের সন্তান ব্যরিস্টার জ্যোতি বসু দেশে ফিরে আসলেন কমিউনিস্ট হয়ে। কমরেড মোজাফফর আহমদ তাঁকে কমিউনিস্ট হিসাবে কাজ করার পথ দেখালেন।

Post a Comment