করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া কে কেন্দ্র করে চরম অব্যবস্থা দেখা গেল বাঁকুড়ায় - The News Lion

করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া কে কেন্দ্র করে চরম অব্যবস্থা দেখা গেল বাঁকুড়ায়

 


দি নিউজ লায়ন;  করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া কে কেন্দ্র করে চরম  অব্যবস্থা দেখা গেল বাঁকুড়ার সিমলাপাল ব্লক স্বাস্থ্য কেন্দ্র সহ আরো চারটি উপস্বাস্থ্য কেন্দ্রে। সর্বত্রই কোনো নিয়মনীতির বালাই নেই। বাহুবলী হলেই ভ্যাকসিন পাওয়ার একমাত্র যোগ্যতা এবং নিয়ম।এ কারণে ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে ধাক্কাধাক্কি মারামারি করতেও দেখা গেল সিমলাপাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। 


তবে পুলিশি হস্তক্ষেপে তা অল্পক্ষণের মধ্যেই থেমে যায়। এ বিষয়ে  চাঁদপুর গ্রামের বৃদ্ধা বিজলী ঘোষ,৭৪ বছরের বৃদ্ধ পেশায় রেশন ডিলার অজিত ঘোষ ক্ষোভের সাথে জানালেন আমরা মেসেজ পেয়ে ১৫ কিলোমিটার দূর থেকে ভ্যাকসিন নিতে এসেছি।এসে দেখি প্রত্যেকেই কাগজে নাম লিখে পাথরচাপা দিয়ে লাইন দিয়েছেন ভোর চারটা থেকে,যাদের মধ্যে বেশিরভাগই বৃদ্ধ এবং বৃদ্ধা।


 লাইনে আছেন তিন শতাধিক মানুষ।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। বিজলী দেবীর প্রশ্ন তাই যদি হয় তাহলে এভাবে মেসেজ পাঠানোর দরকার কি ছিল। সিনিয়রিটির ভিত্তিতে একশ জনকে ডাকলে এত মানুষ হয়রানি পেতেন না। একই চিত্র বিক্রমপুর ,কৃষ্ণপুর ,অড়ড়া এবং লক্ষীসাগর উপস্বাস্থ্য কেন্দ্রে। বিজলী দেবী জানালেন গতকাল আমার স্বামী বিভাগীয় ইন্সপেক্টর এর সাথে দেখা করে গেছেন, উনি বলেছিলেন বেলা ১১ টায় আসবেন ভ্যাকসিন হবে। তারপরেও ভ্যাকসিন না নিয়ে ফিরে যেতে হচ্ছে।


এ বিষয়ে জানতে চাইলে সিমলাপাল এর বিডিও অরিজিৎ দাস জানালেন মোট ৭০০ ভ্যাকসিন এসে পৌঁছেছে। ব্লক স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও ৪ টি উপ-স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।বিষয়টি পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কাঞ্চন পাল এবং বিভাগীয় ইন্সপেক্টর সুশান্তবাবু দায়িত্বে আছেন। সুশান্ত বাবু মোবাইল রিসিভ না করায় তার মতামত জানা যায়নি, তবে কাঞ্চন পাল এর সাথে সরাসরি দেখা করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।


যারা ভ্যাকসিন পাননি তারা কবে পাবেন এ বিষয়েও কাঞ্চন পাল এবং বিডিও কোন সদুত্তর দিতে পারেননি।লাইনে ব্যর্থ হয়ে ফিরে যাওয়া সকলেই অভিযোগ করলেন পিছনের দরজা দিয়ে ভ্যাকসিন কেন্দ্রে বিশেষ বিশেষ ব্যক্তিদের ঢুকিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। হাসপাতাল চত্বরে জনৈকা বৃদ্ধাকে দেখা গেল মুখের মাস্ক খুলে পায়ে মাড়িয়ে দিয়ে বললেন আর ভ্যাকসিন নেবোনা , মাস্ক পরবনা,দেখি‌ পুলিশ কী করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.