দম্ভ ও অজ্ঞতার কোনও টিকা নেই, রাহুলকে কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
দি নিউজ লায়ন; করোনার টিকা নিয়ে এবার রাহুল গান্ধীকে দাম্ভিক ও অজ্ঞ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এর আগে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছিলেন, জুলাই মাসে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১২ কোটি করোনা টিকার ডোজ পাঠানো হবে। এই ১২ কোটি টিকার মধ্যে ১০ কোটি থাকবে কোভিশিল্ড ও ২ কোটি থাকবে কোভ্যাক্সিন।
এদিন করোনার টিকা নিয়ে রাহুল গান্ধী ট্যুইট করে বলেন, জুলাই মাস এসে গেছে কিন্তু করোনার টিকা আসেনি। উল্লেখ্য, গত কয়েক মাস আগেই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে গোটা দেশে দিনে ১ কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার মোটামুটি নিশ্চিত ছিল, জুলাইয়ের মাঝামাঝি দেশে সেই পরিমাণ টিকা উতপাদন হবে। কিন্তু বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ঘোষণায় একপ্রকার স্পষ্ট যে, চলতি মাসেও দৈনিক ১ কোটি টিকাকরণের টার্গেট পূরণ হচ্ছে না।
তবে, টিকাকরণের গতি অনেকটা বাড়ানো হবে এবং টিকার জোগানও বাড়ানো হবে বলে জানানো হয়। এরপরেই এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী টিকার জোগান নিয়ে প্রশ্ন তুলে দেন। তিনি বলেন, জুলাই মাস তো এসে গেলো, কিন্ত টিকা তো এলো না। আর রাহুল গান্ধীর এমন ট্যুইটে রীতিমতো ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
তিনি পালটা রাহুল গান্ধীকে কটাক্ষ করে ট্যুইট করে বলেন, বৃহস্পতিবার জুলাই মাসে ভারতে করোনা টিকার বরাদ্দ সম্পর্কে সমস্ত তথ্য জানিয়ে দিয়েছিলাম। তারপরেও রাহুল গান্ধীর সমস্যাটা ঠিক কোথায়? উনি কি পড়েন না? নাকি বোঝেন না?যাবতীয় হিসাব দেওয়ার পরেও রাহুলের এমন মন্তব্য অর্থহীন। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এরপরেই রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করে বলেন, এমন দম্ভ ও অজ্ঞতার কোনও টিকা নেই। কংগ্রেসের উচিত তাদের নেতৃত্ব নিয়ে ভালো করে ভেবে দেখা।

Post a Comment