উলুবেড়িয়া হাসপাতাল থেকে নিখোঁজ রোগী সন্ধান মিললো

দি নিউজ লায়ন; শুক্রবার রাতে উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যাওয়া চিকিৎসাধীন রোগী জয়ন্ত বাগকে উদ্ধার করল উলুবেড়িয়া থানার পুলিশ। শনিবার রাতে উলুবেড়িয়া থানার যদুরবেড়িয়া থেকে জয়ন্ত কে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সূত্রের খবর শুক্রবার রাতে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে জয়ন্ত হাসপাতাল থেকে বেরিয়ে বাগনান চলে যায়।
শনিবার সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে শেষে উলুবেড়িয়ার যদুরবেড়িয়ায় পৌঁছায়। রাতে উলুবেড়িয়া থানার টহলরত পুলিশ জয়ন্ত কে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। এই প্রসঙ্গে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে সুপার ডাঃ সুদীপ রঞ্জন কাড়ার জানান ওই রোগীর মানসিক সমস্যা থাকায় শুক্রবার রাতে তিনবার হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যদিও নিরাপত্তারক্ষীদের চেষ্টায় সেটা সম্ভব হয়নি।
অবশ্য এর পর কোন এক ফাঁকে ওই রোগী হাসপাতাল থেকে বেরিয়ে যায়। রোগীর এই সমস্যার কথা তার পরিবারের লোকজন জানা সত্ত্বেও শনিবার ইচ্ছাকৃতভাবে হাসপাতালে সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশ প্রশাসনকে ভুল পথে চালিত করার জন্য আমরা ওদের বিরুদ্ধে উলুবেড়িয়া থানা লিখিত অভিযোগ দায়ের করছি বলে জানান উলুবেরিয়া মহকুমা হাসপাতালের সুপার ডাঃ সুদীপ রঞ্জন কাড়ার।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার দুপুরে রেল লাইনে পড়ে গিয়ে মাথায় চোট পায় উলুবেড়িয়া থানার বেলে সিজবেড়িয়ার বাসিন্দা জয়ন্ত বাগ। বৃহস্পতিবার দুপুরে তাকে উলুবেরিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও শুক্রবার রাতে জয়ন্ত হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে নিখোঁজ রোগীর পরিবার হাসপাতালে বিক্ষোভ দেখায়। পরে তদন্তে নেমে রাতে যদুরবেড়িয়া থেকে জয়ন্ত কে উদ্ধার করে উলুবেড়িয়া থানার পুলিশ।
Post a Comment