শিশু পাচার কান্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বাঁকুড়ায় মহিলা তৃনমূলের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ বাঁকুড়ায় শিশু পাচার কান্ডের তদন্তভার নিজেদের হাতে তুলে নিল সিআইডি । আজ তদন্তভার হাতে নেওয়ার পরই সিআইডি র পাঁচ সদস্যের একটি তদন্তকারী দল বাঁকুড়ায় যায় । সিআইডির এই তদন্তকারী দলে দুই মহিলা আধিকারিক সহ উপস্থিত ছিলেন তিন ইন্সপেক্টার পদমর্যাদার আধিকারিক । বেলা সাড়ে বারোটা নাগাদ বাঁকুড়া সদর থানায় পৌঁছেই সিআইডির তদন্তকারীরা বাঁকুড়া সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিষ পান্ডা ও তদন্তকারী আধিকারিক রামনারায়ন পাল এর কাছ থকে ঘটনার বিস্তারিত বিবরণ নেন ।
এরপরই ওই ঘটনায় পুলিশ হেফাজতে থাকা জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়া সহ তিন অভিযুক্তকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন । প্রায় আড়াই ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ । পুলিশ সূত্রে জানা গেছে শিশুগুলির মা রিয়া বাদ্যকরের সঙ্গে জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়ার যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা চালান সিআইডি র তদন্তকারী আধিকারিকরা ।
সূত্রের খবর সিআইডি র আধিকারিকরা তদন্তের জন্য জওহর নবোদয় বিদ্যালয়ে যেতে পারেন । এদিকে এই ঘটনায় মূল অভিযুক্ত অধ্যক্ষ সহ তিনজনেরই পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার । সেক্ষেত্রে শনিবার সিআইডি ওই তিন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে মনে করা হচ্ছে ।
এদিকে এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে শুক্রবার বাঁকুড়ার মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে বিক্ষোভ দেখান মহিলা তৃনমূলের কর্মীরা । মহিলা তৃনমূলের বাঁকুড়া জেলা সভানেত্রী মৌ সেনগুপ্তর নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ।
জ্যোৎস্না মান্ডি বলেন, ‘ শিশু পাচার কান্ডে যুক্ত অধ্যক্ষর কঠোর শাস্তির দাবিতে আজ আমরা বাঁকুড়া জেলার মহিলা তৃনমূল কর্মীরা একজোট হয়ে আজ আন্দলনে নেমেছি । ওই অধ্যক্ষর সঙ্গে বিভিন্ন সময়ে বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারকেও দেখা গেছে স্বাভাবিক ভাবেই তদন্তকারীদের কাছে আমাদের আবেদন ওই অধ্যক্ষর সঙ্গে সাংসদের কোনো যোগসূত্র রয়েছে কিনা সে বিষয়টাও খতিয়ে দেখা হোক’ ।

Post a Comment