চিকিৎসক ও নার্সকে বেদম পেটানোর ঘটনায় গ্রেপ্তার ৫
দি নিউজ লায়নঃ রোগীকে বড় হাসপাতালে রেফার করা কে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সকে রোগীর বাড়ির লোকেরা বেদম পেটানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল দুপুরে মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায়। ঘটনার পরই পুলিশ এসে পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা যায়,মুর্শিদা বেগম নামে এক মহিলা হাসপাতালে ভরতি হন। তাঁর চিকিৎসাও শুরু হয়। শ্বাসকষ্টজনিত সমস্যায় ওই রোগীর উন্নত চিকিৎসার দরকার ছিল।
ফলে প্রাথমিকভাবে তাঁকে ইঞ্জেকশন দিয়ে ও ইসিজি করার পর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয় এদিন। খবর দেওয়া হয় ওই রোগীর আত্মীয়দের। ওই রোগীর আত্মীয়রা হাসপাতালে পৌঁছন। রোগী অন্যত্র রেফার করা হয়েছে শুনে উত্তেজিত হয়ে পড়েন। রোগীর আত্মীয়রা গালিগালাজ করতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই চিকিৎসক এবং নার্সকে মারধর করা হয়। কর্তব্যরত চিকিৎসক অনুপম মণ্ডলের চশমা ভেঙে দেওয়া হয়।
ওই চিকিৎসককে বাঁচাতে আসা নার্স রাধিকা দে’কেও ব্যাপক মারধর করা হয়। তাঁকে ওই হাসপাতালেই ভরতি করা হয়েছে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় শক্তিপুর হাসপাতালে। আহত চিকিৎসক-নার্স অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন রোগীর পরিবারের লোকজন। পালটা রোগীর আত্মীয়দের গ্রেপ্তারির দাবিতে সরব অন্যান্য নার্স ও চিকিৎসকরা। শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে ৫ জনকে গ্রেপ্তার করেছে।
নিগৃহীত চিকিৎসক অনুপম মন্ডল বলেন,"এইভাবে যদি রোগীর চিকিৎসা করতে গিয়ে রোগীর পরিবারের সদস্যদের হাতে চিকিৎসক ও নার্সের মারধর খেতে হয় তাহলে আমাদের চিকিৎসাব্যবস্থা চালানোই দুষ্কর হয়ে উঠবে প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া"। এদিনের শেষ পাওয়া খবরে জানা যায় ধৃত ৫ জনকে বহরমপুরে বিশেষ আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনের আবেদন নাকচ করে দিয়ে জেল হেফাজতের নির্দেশ দেন।

Post a Comment