হিজবুল মুজাহিদিনের নামে ভিডিও বার্তা ও চিঠিতে আতঙ্ক ছড়ানোর চেষ্টা
দি নিউজ লায়নঃ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের নামে হুমকির চিঠি ও ভিডিও বার্তার সিডি উদ্ধারে চাঞ্চল্য রায়গঞ্জে। শনিবার সকালে উত্তর দিনাজপুর প্রেসক্লাবে দু লাইনের হুমকি চিঠি সহ সিডি উদ্ধার হয়। সেই সিডিতে ভিডিও বার্তায় হিজবুল মুজাহিদিনের নাম করে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তি হিন্দিতে এ রাজ্যের আপার প্রাইমারির বাতিল লিস্টে যাদের নাম রয়েছে তাদের আগামী ১৫ই অগাস্টের মধ্যে চাকরি দিতে হবে নচেৎ প্রায় ১৩ হাজার ৪০০ জন চাকরি প্রার্থীর মৃত্যুর জন্য দায়ী থাকবে রাজ্য সরকার। যদিও এই ভিডিও বার্তার আমরা কোনো সত্যতা যাচাই করিনি। অপরদিকে সিডির সঙ্গে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, "এই সিডি পাওয়া মাত্রই লাইভ টেলিকাস্ট করবেন। সমস্ত নিউজ চ্যানেলে দেখানো চাই, নয়ত হিংসার শিকার হবেন।"
তবে খবর পেয়েই রায়গঞ্জ থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্তারা প্রেসক্লাবে এসে ওই সিডি ও চিঠি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করে। যথারীতি এ ধরনের হুমকির চিঠিতে স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় সাংবাদিক মহলে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের দাবী, কেউ বা কারা শুধুমাত্র আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজ করে থাকতে পারে।
তবে যথেষ্ট গুরুত্ব দিয়েই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে। পাশাপাশি এই ঘটনায় পুলিশ তদন্ত করে দ্রুত আসল রহস্য উদঘাটন করুক বলে জানিয়েছেন তৃনমুলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। অপরদিকে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্শ ভর্মা জানিয়েছেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অযথা কেউ আতঙ্ক ছড়ানোর জন্য এটা করতে পারে। তবে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment