রাতভর প্রবল বৃষ্টিতে ভাসলো কোচবিহার
দি নিউজ লায়নঃ রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার। সারা রাতের বৃষ্টিতে জল জমেছে কোচবিহারের প্রতিটি ওয়ার্ডে। ভবানীগঞ্জ বাজার এলাকায় রাস্তা ডুবে যায় জলে। একই সাথে প্রতি বছরের মতো জল জমেছে রাসমালা ময়দান এলাকা, নিউ টাউন 12, 11 নম্বর ওয়ার্ড, এবং সমগ্র নিউটাউন 13 নাম্বার ওয়ার্ড।
কোচবিহার সেন্ট্রাল ব্যাংকের সামনে জল জমে যাওয়ার কারণে ভোগান্তির শিকার হতে হয়েছে গ্রাহকদের। শহরের প্রত্যেকটি জল নিকাশি নালা বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে উঠেছে। তবে এখনো পর্যন্ত তোরসা মানসাই কাইজানি রায়ডাক এক নম্বর নদীতে জলস্ফীতি ঘটেনি। কোচবিহার সদর মহকুমা শাসক রাকিবুর রহমান বলেন, যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতে জল জমা স্বাভাবিক কিন্তু নিকাশি নালার পরিচ্ছন্নতার কারণে জল বেশিক্ষণ দাড়ায় নি।
দুপুরের মধ্যেই শহরের জল নেমে গেছে। একই সাথে প্রশাসন সমস্ত রকম বিপর্যয় মোকাবিলায় তৈরি হয়েছে বলেও জানান তিনি। একইসাথে শহরের এক নম্বর ওয়ার্ডে পাম্পের সাহায্যে বৃষ্টির জল লোক বসতি দিয়ে বের করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে কোচবিহার মহকুমা প্রশাসক।

Post a Comment