অবশেষে আনুষ্ঠানিকভাবে জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করল ইকুয়েডর
দি নিউজ লায়নঃ অবশেষে আনুষ্ঠানিকভাবে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করল ইকুয়েডর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে এক চিঠিতে তাঁর নাগরিকত্ব বাতিলের কথা জানিয়েছে দেশটির বিচার বিভাগ। সূত্রের খবর ইকুয়েডরের পিচিনচা আদালতে গত সোমবার অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আদালত বলেছেন, সাধারণত প্রাসঙ্গিক তথ্য গোপন, মিথ্যা নথিপত্র জমাদান কিংবা জালিয়াতির অভিযোগে তাঁর নাগরিকত্ব বাতিল করা হয়েছে।
তবে অ্যাসাঞ্জের আইনজীবী কার্লোস পোভেদার অভিযোগ, যথাযথ প্রক্রিয়া না মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাসাঞ্জকে বিচারকালে হাজির হওয়ার অনুমতি দেওয়া হয়নি। বর্তমানে যুক্তরাজ্যে কারাবন্দি রয়েছেন অ্যাসাঞ্জ। অ্যাসাঞ্জকে যে তারিখে আদালতে ডাকা হয়েছিল তখন তিনি মুক্ত ছিলেন না। পাশাপাশি বন্দি অবস্থায় অসুস্থ ছিলেন বলেও উল্লেখ করেন পোভেদা। এই সিদ্ধান্তের বিস্তারিত এবং স্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়ে আপিল করা হবে বলেও তিনি জানান।

Post a Comment