পাওনা টাকা দিতে না পারায় অপহরণ করে খুন
দি নিউজ লায়ন; কালিয়াচক থানার আলিপুর ২ গ্রাম পঞ্চায়েতের ৫২ বিঘা এলাকায় এক শ্রমিককে অপহরণ করে খুনের অভিযোগ উঠলো এলাকারই অপর এক শ্রমিক সরবরাহকারী ঠিকাদারের বিরুদ্ধে। পাওনা এক লক্ষ টাকা দিতে না পারায় ওই শ্রমিককে খুন করেছে অভিযুক্ত শ্রমিক সরবরাহকারী ঠিকাদার, এমনই অভিযোগ করেছেন মৃতের পরিবার। বুধবার সকালে অভিযুক্ত শ্রমিক সরবরাহকারী ঠিকাদার শাহাজাদ হোসেনের বাড়ি থেকে মৃত শ্রমিকের দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত ওই শ্রমিক সরবরাহকারী ঠিকাদার শাহাজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম সাজিকুল মোমিন (৩৫)। তার বাড়ি আলিপুর এলাকায়। ধৃত শাহাজাদ হোসেনের বাড়ি ৫২ বিঘা এলাকায়। মৃত ব্যক্তির পরিবারের স্ত্রী ও সন্তান রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহাজাদ হোসেন নামে এক ঠিকাদারের কাছ থেকে দাদনের টাকা নিয়ে চারবার ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন সাজিকুল মোমিন I সম্প্রতি লকডাউনে কাজ না থাকায় ঠিকাদারের কাছ থেকে এক লক্ষ টাকা আগাম নেন সাজিকুল মোমিন I
কিন্তু সেই টাকা শোধ করার মত সামর্থ্য তার ছিল না। মৃতের পরিবারের অভিযোগ, গত চারদিন আগে এই টাকা আদায়ের জন্য ওই শ্রমিক সরবরাহকারী ঠিকাদার শাহাজাদ হোসেনের লোকেরা সাজিকুল মোমিনকে ঝাড়খণ্ডের বারহারওয়া থেকে অপহরণ করে নিয়ে যায় I তারপরই তার উপরে চলে অকথ্য অত্যাচার I মারধরের পাশাপাশি ওই পরিযায়ী শ্রমিকের শরীরে বৈদ্যুতিক শক দেওয়া হয় বলে অভিযোগ I এতে অসুস্থ হয়ে পড়েন তিনি I সেই সঙ্গে মানসিক অবসাদের শিকার হন I মঙ্গলবার রাতে বাহান্ন বিঘা এলাকার শাহাজাদের বাড়ি থেকে সাজিকুল মোমিনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় I এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় I খবর পেয়ে কালিয়াচক থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে তদন্তে যায় I

Post a Comment